‘বিডিআর বিদ্রোহের সময় খালেদা কোথায় ছিলেন, তা তদন্ত হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের আগে সেনানিবাসের বাসা ছেড়ে তিন দিনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম বলেন, বিডিআর বিদ্রোহের আগে খালেদা জিয়া সেনানিবাসের বাসা থেকে কালো গ্লাসের গাড়িতে করে তিন দিনের জন্য অজ্ঞাত স্থানে চলে গিয়েছিলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে জাতির জানার আগ্রহ আছে। অনুসন্ধান চলছে। তথ্য পেলেই জাতিকে জানানো হবে।’ এ বিষয়ে সরকার, না আওয়ামী লীগ তদন্ত করছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি দেননি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ওই সময় কোথায় গিয়েছিলেন, তা নিজ থেকেই জানানো উচিত ছিল। তিনি দাবি করেন, পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা তদন্ত নিরপেক্ষ ও পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে হয়েছে। তিনি এ বিষয়ে বিএনপির মহাসচিবের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা থাকলে তদন্তকারীদের প্রভাবিত করে বিএনপি বা অন্য দলকে জড়ানোর চেষ্টা করা হতো। পিলখানা হত্যাযজ্ঞ মামলার অভিযোগপত্রে আওয়ামী লীগের নেতার নাম থাকা প্রসঙ্গে মাহবুব উল আলম বলেন, তোরাব আলী স্থানীয় নেতা। স্থানীয় নেতৃত্ব তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগে কোনো অপরাধী থাকতে পারবে না। অভিযোগপত্রে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর নাম থাকার বিষয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতই সিদ্ধান্ত নেবে নাসির উদ্দীন দোষী, না নির্দোষ।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নূহ-উল-আলম লেনিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।