‘বিডিআরে বিদ্রোহের আগে গোপন সংগঠন তৎপর ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে গড়ে ওঠা গোপন সংগঠন ‘বিপ্লবী কমান্ড কাউন্সিল’-এর লোকজন ১৯৯১ সালে দেশের কয়েকটি স্থানে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল। ওই বিদ্রোহের পরও সংগঠনটির সদস্যরা সীমান্ত চৌকি (বিওপি) থেকে চাঁদা তুলতেন। ২০০৯ সালে বিদ্রোহের আগেও তাঁদের তৎপরতা ছিল। গতকাল সোমবার ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার প্রসিকিউটর এবং ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান।বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৭-এ এই মামলার বিচার চলছে। গতকাল আদালতের কার্যক্রম শেষে এই ব্রিফিং হয়। এর আগে মামলার এক সাক্ষী আদালতে বলেন, ১৯৯১ সালের বিদ্রোহের বিচার সম্পন্ন হলে ২০০৯ সালের বিদ্রোহের ঘটনা ঘটত না।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে এই মামলার ৬৬৭ জন আসামির সবাইকে হাজির করা হয়। ২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে গত বছরের ৩১ মার্চ মামলাটি করেন সুবেদার মো. মতিউর রহমান। মামলার এক নম্বর সাক্ষীও তিনি। চলতি বছরের ২৬ জুন এ মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে এক আসামি মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।গতকাল আদালতের কার্যক্রম শুরু হলে ১০ নম্বর সাক্ষী তব্বাচ আলীর আংশিক জেরা সম্পন্ন হয়। এরপর হাবিলদার আশরাফ উদ্দিন ও হাবিলদার ব্রজ গোপাল মণ্ডলকে জেরা করেন আসামিরা। এ নিয়ে ১২ জন সাক্ষীর জেরা সম্পন্ন হলো। ১৩ নম্বর সাক্ষী হাবিলদার হাবিবুর রহমান গতকাল সাক্ষ্য দেন। আদালত ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি হওয়ার আগে নয়জন আসামি তাঁকে জেরা করেন। ১ ডিসেম্বর তাঁকে বাকি আসামিরা জেরা করবেন।হাবিবুর রহমান আদালতে বলেন, ১৯৯১ সালের বিদ্রোহের ঘটনায় যে কয়েকজনকে নামমাত্র সাজা দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে তাঁরা বিভিন্ন বিওপিতে ঘুরে বেড়াতেন। আমি তখন কুমিল্লার একটি বিওপিতে ছিলাম। একজন বিদ্রোহী এসে চাঁদা দাবি করে বলেন, “আমাদের কারণেই তোদের বেতন ও সুবিধা বেড়েছে। এখন আমাদের চাঁদা দিতে হবে।” এরপর আসামিরা হাবিবুরকে জেরা করেন। বিদ্রোহের পরিকল্পনাকারীদের অন্যতম সুবেদার মেজর গোফরান মল্লিক তাঁকে জেরাকালে প্রশ্ন করেন, ‘সেদিন আমাকে কত দূর থেকে দেখেছেন?’ জবাবে সাক্ষী বলেন, ‘আপনাকে কাছ থেকে দেখি। সেখানে ১৭ জনকে চিনতে পারি। তাঁদের সঙ্গে শলাপরামর্শ করছিলেন।’ শলাপরামর্শ বলতে কী বোঝাতে চেয়েছেন—তাঁর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘সেখান থেকে সৈনিকদের বিদ্রোহে জড়াতে উসকানি দেওয়া হচ্ছিল।’গোফরান বলেন, ‘যেভাবে বলছেন, তাতে মনে হচ্ছে সব আমি একাই করেছি। তাহলে এত আসামির কোনো দরকার ছিল না। সেদিন পিলখানায় সাড়ে আট হাজার লোক ছিল, তাদের সবার আসামি হওয়া উচিত। কেউ আসামি হবেন আর কেউ বেঁচে যাবেন, সেটা হতে পারে না।’ তাঁর এ কথার সঙ্গে সঙ্গে আসামিরা হইচই করলে আদালত সবাইকে চুপ করতে বলেন। পরে আরও কয়েকজন আসামি সাক্ষীকে জেরা করেন। বেলা সোয়া একটায় আদালত মুলতবি ঘোষণা করা হয়।এরপর ব্রিফিংয়ে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান বলেন, ১৯৯১ সালের ১ থেকে ৩ ডিসেম্বর বিডিআরে বিদ্রোহের ঘটনায় ছয়-সাতজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অজানা কারণে আর কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ওই বিদ্রোহে জড়িত লোকজন বিডিআরে আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিপ্লবী কমান্ড কাউন্সিল সক্রিয় আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবে না। তবে ২০০৯ সালের বিদ্রোহের তৎপরতার সঙ্গে ১৯৯১-এর বিদ্রোহের অনেক মিল আছে। ওই সময়ের প্রচারপত্র ও ২০০৯ সালের প্রচারপত্র একই সূত্রেগাঁথা।ওই সংগঠনের নেতৃত্বে কারা ছিলেন, জানতে চাইলে প্রসিকিউটর বলেন, ‘সেটা আমার জানা নেই।’