'বিতর্কিত-দলবাজ' কর্মকর্তারা ষড়যন্ত্রে মেতে উঠেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ সংসদ নির্বাচন
একাদশ সংসদ নির্বাচন

খুলনায় পুলিশ ও প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন জাতীয় ঐক্যফ্রন্টের খুলনা-২ ও খুলনা-৩ আসনের প্রার্থী। তাঁরা বলেছেন, নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে। প্রশাসন ও পুলিশের ‘বিতর্কিত ও দলবাজ’ কর্মকর্তারা আওয়ামী লীগের প্রার্থীদের জেতানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
গতকাল বুধবার বেলা ১১টায় নগরের কে ডি ঘোষ সড়কে বিএনপি কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের দুই প্রার্থী। সেখানে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) ও খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে গত কয়েক দিনে গ্রেপ্তার ও নির্যাতনের বিবরণ তুলে ধরে বলা হয়, ‘আজকের পর আর যদি একজন কর্মীকে গ্রেপ্তার করা হয় তবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ–প্রতিরোধ গড়ে তোলা হবে।’
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তাঁরা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের লোকজন, পুলিশ ও প্রশাসনের লোকদের অপতৎপরতার নানা চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ডিআইজি, বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার মিলে দফায় দফায় বৈঠক করে বিভাগের ৩৬টি আসনে ভোট ডাকাতির ছক এঁকেছেন। এ নিয়ে সিইসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। খুলনা-২ আসন থেকে ১৪টি ও খুলনা-৩ আসন থেকে বেশ কয়েকটি আপত্তি দেওয়া হয়েছে, কিন্তু কোনোটার নিষ্পত্তি হয়নি।
দুই প্রার্থীর দাবি, পুলিশ প্রশাসন কীভাবে ডিবির পোশাক গায়ে দিয়ে ভোটকেন্দ্রে ঢুকবে, কীভাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করবে, কীভাবে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তার ছক তৈরি করেছে। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট ডাকাতির আরেকটি খুলনা মডেল এই অঞ্চলে বাস্তবায়ন করতে চাইছে। এ ছাড়া ‘গায়েবি’ মামলায় মাত্র দেড় মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, ধানের শীষের কর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনের মাঠ ফাঁকা করার চক্রান্ত করা হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন প্রার্থীর পাশে কোনো কর্মী পাওয়া যাবে না বলে মনে করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ধানের শীষের কর্মীদের ওপর সব ধরনের হামলা বন্ধ, কারাগারে আটক সব নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি, যেসব গায়েবি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, অবিলম্বে সেগুলোর কার্যক্রম বন্ধ করা, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপরতা বাড়িয়ে মাঠে থাকা এবং অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করে বর্তমান নাজুক দানবীয় পরিস্থিতি পাল্টানো।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনা-২ আসন থেকে যিনি আওয়ামী লীগের প্রার্থী তিনি প্রধানমন্ত্রীর ভাই। আর খুলনা-৩ আসনের প্রার্থীকে প্রধানমন্ত্রী বোনের মতো স্নেহ করেন। প্রধানমন্ত্রীর ভাই-বোনকে নির্বাচনে জেতানোকে বাধ্যবাধকতা মনে করে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাই-বোনকে জেতানোর জন্য এমন কোনো কাজ করবেন না যা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরিস্থিতি বেসামাল করে তুলবে। সাত মাস আগে হয়ে যাওয়া ভোট ডাকাতির মেয়র নির্বাচনের মতো আর কোনো ভোট খুলনাবাসী মেনে নেবে না।’
বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপি নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, নারীকর্মীদের নাস্তানাবুদ করা হচ্ছে, খুলনা শহরের সব ইমামকে একটি ক্লাবে ডেকে নৌকার পক্ষে প্রচারণা চালাতে বলা হয়েছে, সরকারি চিকিৎসকদের ডেকে প্রচারণায় অংশ নিতে বলা হচ্ছে। তিনি প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের নানা মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিবেকবর্জিত হয়ে পড়েছেন। তাঁর চোখে যে চশমা তা আওয়ামী লীগের চশমা। ওই চশমা দিয়ে সব চিত্র দেখা যাবে না। তাঁরা যা বলেন, তা তাঁদের বক্তব্য নয়। সেটা সরকারের বক্তব্য।
বিএনপির প্রার্থীর অভিযোগ সম্পর্কে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ভোট ডাকাতির বিষয়ে উনি যেটা বলেছেন, সেটা ওনাকেই প্রমাণ করতে হবে, প্রমাণ করতে না পারলে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যেসব কমিটি আছে, আমি তার সদস্য, ওই সব সভায় উপস্থিত থাকি। এটা গোপন কিছু না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান, জেএসডির নেতা আ ফ ম মহসিন, বিজেপির সভাপতি লতিফুর রহমান, লেবার পার্টির লোকমান হাকিম, জেএসডির অধ্যক্ষ আবদুল খালেক, জেপির সভাপতি মোস্তফা কামাল, বিজেপির সিরাজউদ্দিন, মুসলিম লীগের আখতার জাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হাসান প্রমুখ।