'বিতাড়িত ছাত্রলীগ নেতারা দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও বিতাড়িত ছাত্রলীগ নেতাদের দায়ী করেছে প্রগতিশীল শিক্ষক ফোরাম। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ অভিযোগ করেন।
দুপুর ১২টায় ক্যাম্পাসের ভিআইপি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক বলরাম রায় বলেন, ঘটনার আগে রাত আটটার দিকে তিনটি মাইক্রোবাসে চড়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র অরুণ কান্তি রায় (বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক), জাহিদ এবং ইফতেখারুল ইসলামের (ছাত্রলীগ সভাপতি) নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী সশস্ত্র হয়ে ক্যাম্পাসে ঢোকে। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মিলনায়তনে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালায়। তাঁরা হলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মুখোশ পরে গুলিবর্ষণ করে এবং ককটেল ফাটিয়ে অনুষ্ঠানে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে। দুষ্কৃতকারীরা হলে ঢুকে ছাত্র-শিক্ষকদের ওপরে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় অধ্যাপক ফজলুল হকসহ ২০ জন আহত হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা মিলনায়তন থেকে বেরিয়ে ক্যাম্পাসে শেখ রাসেল হলে প্রবেশ করে। সেখানে ছাত্রলীগের হল সভাপতির কক্ষ ভাঙচুর করে। হলে অবস্থানরত সাধারণ ছাত্রদের ওপরে হামলা চালিয়ে হল থেকে বের করে দিয়ে হলে অবস্থান নেয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে মার খেয়ে অনেকে হল থেকে লাফিয়ে পড়তে গিয়ে নিহত ও গুরুতর আহতের ঘটনা ঘটে।
প্রগতিশীল শিক্ষক ফোরামের এ অভিযোগ সম্পর্কে ছাত্রলীগের সভাপতি ইফতেখারুলের প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ঘটনায় মামলা করার ব্যাপারে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এজাহার লিখে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় জমা দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই এজাহারের ভাষা সংশোধন করে দিতে বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে আপত্তি জানানোর কারণে মামলাটি রেকর্ড করা হয়নি বলে শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেন।
যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিকুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজাহারের ভাষা পরিবর্তন না করায় ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে যথাসময়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে তিনি জানান।

আরও পড়ুন