'বিতার্কিকেরা বেকার থাকে না'
অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল বলেছেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল দিয়ে চাকরি হয় না। যুক্তি দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার, উদ্বুদ্ধ করার ক্ষমতা থাকতে হয়। বিতর্কের চর্চা এই গুণগুলোর বিকাশ ঘটায়। বিতার্কিকেরা তাই কখনো বেকার থাকে না।
গতকাল রাজধানীর হলিক্রস কলেজ মিলনায়তনে আয়োজিত এইচসিডিসি (হলিক্রস কলেজ ডিবেটিং ক্লাব) অষ্টম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুই দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় ১১টি কলেজের ২৪টি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিরূপাক্ষ পাল বলেন, বিতর্কশাস্ত্রের অর্থাৎ বিতর্ক ও জনবক্তৃতার ক্ষেত্র এখন অনেক বড় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে ভালো তার্কিক হতে হয়। বিতর্ক যোগাযোগ দক্ষতা বাড়ায়। অন্য পক্ষের সম্মতি অর্জন সহজ হয়। আর এভাবেই সাফল্য আসে।
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের এই প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষার্থীদের বলেন, ‘বাংলাদেশে নেতা হওয়ার অনেক সহজ পথ আছে। কিন্তু তোমাদের নেতৃত্ব হবে চিন্তার নেতৃত্ব। নীতিনির্ধারণী ক্ষেত্রে তোমরা নেতৃত্ব দেবে।’
অনুষ্ঠানের সভাপতি হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ বলেন, মানুষের মুখের কথার প্রভাব অনেক বেশি। একটি কথাই একটি পুরো জাতির দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। বিতর্ক শুধু বাক্শিল্পের মধ্যে তাই সীমাবদ্ধ নেই।
প্রতিযোগিতার প্রথম দিনে মিলনায়তনসহ কলেজ ক্যাম্পাসে ১২টি ভেন্যুতে বিতর্ক চলে। চারটি রাউন্ডের পর দিন শেষে আটটি দল কোয়ার্টার ফাইনাল পর্যায়ে যায়। আজ প্রতিযোগিতার শেষ দিনে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে চারটি দল সেমিফাইনাল ও সেরা দুই দল ফাইনালে যাবে। দুই দিনের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আয়োজন সহযোগী হিসেবে ছিল প্রথম আলো।