'বিদায় বাংলাদেশ, সালাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মিজানুর রহমান আজ সকালে ভারতে চলে যাবেন। তাই বাড়ির মালপত্র বাঁধার কাজ করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l সফি খান
কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মিজানুর রহমান আজ সকালে ভারতে চলে যাবেন। তাই বাড়ির মালপত্র বাঁধার কাজ করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l সফি খান

কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটের সদ্য বিলুপ্ত কয়েকটি ছিটমহলের ২৫৫ জন আজ রোববার ভারতে যাচ্ছেন। এর মধ্যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করা কুড়িগ্রামের ৭২ জন, পঞ্চগড়ের ৫৩ জন এবং লালমনিরহাটের ১৩০ জন সে দেশে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁদের ভারতে পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: গতকাল শনিবার ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় গিয়ে দেখা যায়, ১০টি পরিবার মালামাল বেঁধে ঠেলাগাড়িতে তুলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীর হাট বাজারে তিনটি পিকআপ রাখা হয়েছে। সরোয়ার আলমের বাড়িতে ধান কিনতে এসেছেন ব্যাপারী আমজাদ হোসেন। বাড়ির উঠানে ধান পালা করে রাখা হয়েছে। দামাদামির পর মেপে বস্তায় ভরছেন ব্যাপারী। সরোয়ার বলেন, ‘১৫ মণ ধান বেচি যা পাম, তাই নিয়া যাম। বিদায় বাংলাদেশ, সালাম।’
মিজানুর রহমানের বাড়ির গেট খোলা। ভেতরে মালামাল বাঁধা হচ্ছে। মুখে কথা নেই মিজানুরের। চোখ-মুখে অন্ধকার। কথা বলতে চাইলে তিনি বলেন, ‘কী বলব। ছয় বিঘা জমি রেখে যাচ্ছি। প্রশাসনের কাছে দরখাস্ত দিয়েছি। বলেছে, দুই বছরের মধ্যে এসে বিক্রি করতে পারবে।’
চেয়ারমেনটারি গ্রামের খলিল উদ্দিনের বাড়িতে যাওয়ার পথে দেখা খাদিজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘বাপ, ভাই, মা—সবাই ভারতে চলে যাচ্ছেন। আমাকে একাই বাংলাদেশে থাকতে হচ্ছে।’ একসময় চোখের পানি ফেলে তিনি বলেন, ‘বাপ-মার চেয়ে দুনিয়ায় আপন কে আছে।’
ফুলবাড়ী গঙ্গারহাট দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুল হাকিম। পরিবারের সঙ্গে ভারতে যাচ্ছে। বাবা নজরুল ইসলাম দিনমজুর। সে বলে, ‘বন্ধুদের ছেড়ে যেতে খারাপ নাগছে। সাথে বই নিছি। ওটে যায়া পড়মো।’
ইউএনও নাসির উদ্দিন মাহমুদ বলেন, এ দফায় ১৪ পরিবারের ৭২ জন ভারতে যাচ্ছেন। এর মধ্যে দাসিয়ারছড়া ছিটমহল থেকে ১০টি পরিবারের ৪৮ জন এবং ভূরুঙ্গামারীর চারটি পরিবারের ২৪ জন সদস্য ২২ নভেম্বর ভারতে যাচ্ছেন। অন্যদের ২৪ ও ২৬ নভেম্বর যাওয়ার সম্ভাবনা আছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ট্রাভেল পাসপ্রাপ্তদের ভারতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু যাঁরা এখন ভারতে যেতে চান না; তাঁদের ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি। তবে নির্দেশনা আছে, কাউকে ভারতে যেতে বাধ্য করা যাবে না।
পঞ্চগড়: জেলার বিলুপ্ত ৩৬ ছিটমহলের মধ্যে প্রথম দফায় সদর উপজেলার গারাতি, বোদা উপজেলার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদীঘি ও নাজিরগঞ্জ ছিটমহলের ১৫টি পরিবারের ৫৩ জন চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে যাবেন। গতকাল দুপুরে এসব পরিবারের সদস্যদের কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে হাজির করা হয়। সেখানে কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়। আজ সকাল সাড়ে আটটায় তাঁরা ভারতের উদ্দেশে যাত্রা শুরু করবেন। নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে চলে যাবেন।
বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহলে গতকাল দুপুরের পর দেখা যায় রিকশা-ভ্যানে করে লেপ, তোশক, বালিশ, বাক্স, দরজা-জানালাসহ আসবাব তোলা হচ্ছে। রামানন্দ ও জয়প্রকাশের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রামানন্দ (৫০) বলেন, ‘জন্মভূমি, বাপ-দাদার ভিটা ছেড়ে যেতে মন কান্দে। কিন্তু বাবাক কাটে ফেলাইল, বাড়ি জ্বালায় দিল, বিচার হইল না। অভাব চিরদিন থাকবে, অন্তত স্বাধীনভাবে সম্মানের সহিত থাকিবা পারিম।’
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘আমরা সব প্রস্তুতি শেষ করেছি।’
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবারগুলো বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট হয়ে প্রথমে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে যাবে। এরপর কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার সদর থানা এলাকার অস্থায়ী ক্যাম্পে যাবে।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, সদ্য বিলুপ্ত ছিটমহলের এসব পরিবারের সদস্যদের ভারতে পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০ পরিবারের নারী ও শিশুসহ ৬০ জন বাংলাদেশ ত্যাগ করেন। ওই দিন সমস্যার কারণে ভারতে যেতে পারেননি গোপাল চন্দ্র বর্মণ ও তাঁর স্ত্রী সুচরিতা রানী বর্মণ। স্ত্রীকে নিতে না পারায় কৃষ্ণ চন্দ্রও যাননি। এ ছাড়া মহুবার রহমান নামের আরেকজন যাননি। এ বিষয়ে ইউএনও বলেন, তাঁদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।