'বিদায়কে বেদনাদায়ক করবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলকে শোভাযাত্রা করতে না দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। দয়া করে আপনাদের বিদায়কে বেদনাদায়ক করবেন না।’
গতকাল সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রদলের সমাবেশে ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল ছাত্রদল রাজধানীতে শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পুলিশ শোভাযাত্রা করতে দেয়নি। কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্রদলের বেশ কিছু কর্মীকে শাহবাগ ও মৎস্য ভবন এলাকা থেকে পুলিশ আটক করে। শোভাযাত্রা করতে ব্যর্থ হয়ে পরে সমাবেশ করে ছাত্রদল।
শোভাযাত্রা করতে না দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের আস্থা হারিয়ে সরকার এখন মিছিলও করতে দিচ্ছে না। তিনি বলেন, ‘এখন থেকে র‌্যালি বন্ধ করতে বললে আমরা র‌্যালি বন্ধ করব না। সমাবেশ বন্ধ করতে বললে আমরা সমাবেশ বন্ধ করব না।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার সংবিধানে অস্পষ্টতা রেখেছে, যাতে ছলচাতুরী করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু জনগণ সেই সুযোগ দেবে না। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না—এ ব্যাপারে সবাই একমত।
মির্জা ফখরুল দাবি করেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, অপপ্রচার চালিয়ে সরকার নানা ষড়যন্ত্র করছে। কিন্তু আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা প্রমাণ করতে পারেনি। দুর্নীতির চিহ্নও পায়নি।
আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে শামসুজ্জামান, আসাদুজ্জামান, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।