‘বিদেশি স্টাইলে’ ইউপি নির্বাচন!
কর্মী সমাবেশ শেষ করে সেখানেই তিনি বিছানাপত্র ছাড়াই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। এ ছাড়া নির্ধারিত ফরমে ভোটারদের রেজিস্ট্রেশন করিয়ে তাঁদের কাছে তাঁর ছবিযুক্ত কার্ড বিলি করছেন। কার্ডধারীরা অন্য চেয়ারম্যান পদপ্রার্থীর কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। কেউ অন্য চেয়ারম্যান পদপ্রার্থীর সুবিধা গ্রহণ করলে তাঁর কর্মী কার্ড বাতিল করবেন। ওই কর্মী বৈদেশিক কোনো সুবিধা পাবেন না।এভাবেই কথিত ‘বিদেশি স্টাইলে’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নওগাঁর বদলগাছী উপজেলার সাত নম্বর আধাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) শামসুল আলম খান। নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। তাঁর কর্মী বাহিনী ভোটারদের মধ্যে এসব কার্ড ও ইশতেহারের ফটোকপি বিলি করছেন।এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘আধাইপুর ইউপি চেয়ারম্যান হিসেবে হাইসাওয়া প্রকল্পের আওতায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ সফর করার সুযোগ হয়েছিল। বিদেশে স্থানীয় সরকার নির্বাচনের ওপর তিন দিনের প্রশিক্ষণ নিয়েছি। তাই বিদেশি স্টাইলে ইউপি নির্বাচন করছি। এভাবে নির্বাচন করলে সরকারের প্রচুর রাজস্ব সাশ্রয় হবে। নির্বাচনে আমার টাকাপয়সা ব্যয় হবে না। নির্বাচিত হয়ে আমাকে টাকা তুলতে অনিয়ম-দুনীতির আশ্রয় নিতে হবে না।’জানা গেছে, ২০০২ সালে আধাইপুর ইউপি নির্বাচনে শামসুল আলম খান চেয়ারম্যান নির্বাচিত হন। হাইসাওয়া প্রকল্পের আওতায় তিনি ২০১০ সালে নভেম্বর মাসে সরকারিভাবে বিদেশ সফর করেন। ৩০ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।সেনপাড়া গ্রামের মিনা বেগম বলেন, ‘কার্ড না থাকলে বিদেশি সাহায্য পামু না। তাই মুই কার্ড লিছি। মুরকে পাড়ার সবাই এই কার্ড লিছে।’বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মাদ্রাসার শিক্ষক শাহিনুর ইসলাম জানান, চেয়ারম্যান শামসুল আলম খান নয়টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে পাঁচটি ওয়ার্ডে বৈদেশিক নিয়মে কর্মী সমাবেশ করেছেন। কর্মী সমাবেশ শেষে করার পর শামসুল আলম খান খোলা আকাশের নিচে বিছানাপত্র ছাড়াই ঘুমিয়ে যাচ্ছেন।এ প্রসঙ্গে শামসুল আলম খান বলেন, ‘গরিব-দুঃখী মানুষের কষ্ট অনুভব করতেই বিছনাপত্র ছাড়াই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ছি। নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের কষ্টের কথা আমার মনে থাকবে।’ একই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন বলেন, শামসুল আলম খান বিদেশি স্টাইলের কথা বলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের মধ্যে কার্ড বিতরণ করে তাঁকে কর্মী বলে দাবি করছেন। সমাবেশ করে সেখানেই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ছেন। পৃথিবীর কোন দেশে এই নিয়মে হয়, তা আমার জানা নেই।’ ্বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার মামুন বলেন, ‘আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি।’