'বিদেশিদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বাংলাদেশে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত মেট্রোরেল প্রকল্পে কর্মরত পরামর্শক, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ঢাকায় ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক খুনের দুটি ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, উন্নত দেশেও এই ধরনের ঘটনা ঘটে। বাংলাদেশে কারা এই ঘটনা ঘটাল সেটার তদন্ত চলছে। কারা এই কাজ করেছে সেটি অবশ্যই খুঁজে বের করা হবে। সরকার সতর্ক আছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এ জন্য সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল প্রকল্প হচ্ছে। মেট্রোরেলে ১৬টি স্টেশন থাকবে। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। মেট্রোরেলের গতি হবে ঘণ্টায় ৩২ কিলোমিটার। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, কোরিয়া ও ভারতের ৫৫ জন কাজ করছেন। আজকের সভায় ওই ছয় দেশের নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের উপস্থিত বিদেশিদের উদ্দেশে বলেন, ‘মেট্রোরেল সরকারের অগ্রাধিকার প্রকল্প। আমরা চাই এই প্রকল্পের সঙ্গে যাঁরা কাজ করছেন, সবাই নিরাপদ বোধ করুন। কারণ নিরাপদ বোধ না করলে কাজ করবেন কীভাবে? প্রধানমন্ত্রীর এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার বিষয়টি দেখছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা আপনাদের বাসায়, কর্মস্থলে কিংবা যে কোনো জায়গায় যাওয়ার পথে চাইলেই নিরাপত্তা পাবেন। চাইলেই পুলিশ, র‍্যাব আপনাদের সহযোগিতা দেবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি রোববার পদ্মা সেতু প্রকল্প এলাকায় গিয়ে সেখানে চীন ও কোরিয়ার প্রকৌশলী ও পরামর্শকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন নিরাপত্তা নিয়ে তাঁদের কোনো উদ্বেগ নেই।’

সভায় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।