'বিদেশে যাঁরা জনমত গঠন করেছেন, তাঁরাও মুক্তিযোদ্ধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দেশে ও বিদেশে যাঁরা জনমত গঠন করেছেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালন করেছেন, তাঁদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার সন্ধ্যায় সিলেটে ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক প্রদর্শনীর সমাপনী পর্বে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, কেবল গুলি ফুটিয়ে যুদ্ধ হয় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দেশে-বিদেশে যাঁরা জনমত গঠন করেছেন, তাঁরাও মুক্তিযোদ্ধা। প্রবাসে যাঁরা মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, ‘যে জাতির কৃতজ্ঞতাবোধ নেই, সে জাতি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ক্ষেত্রে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে।’
সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা ও ইংরেজি সংবাদপত্রের কাটিং, পোস্টার, প্রচারপত্র ও ঐতিহাসিক ছবি নিয়ে সিলেট নগরের রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে চার দিনব্যাপী ‌‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের মুখে যুদ্ধদিনের গল্প শোনা আর সাত সমুদ্র তেরো নদীর ওপারে লন্ডনে থেকে বাঙালির মুক্তিসংগ্রামে সম্পৃক্ত হওয়ার ইতিহাস জানার মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেটে ‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনীর।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে সমাপনী পর্বে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রসচিব ও ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ কূটনৈতিক মিশনের দ্বিতীয় সচিব মহিউদ্দিন আহমদ, লন্ডনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরী, ১৯৭১ সালে লন্ডনে গঠিত ‘স্টিয়ারিং কমিটি অব দ্য অ্যাকশন কমিটিস’-এর সদস্য অধ্যাপক কবীর এইচ চৌধুরী।
সমাপনী পর্বে স্বাগত বক্তব্য দেন ‘লন্ডন ১৯৭১’-এর উদ্যোক্তা উজ্জ্বল দাশ ও ব্রিটিশ কাউন্সিলের সিলেট সেন্টার প্রধান মো. কাফিল হোসেইন চৌধুরী।