‘বিদেশে রপ্তানি করলে দাম পেত কৃষক’
‘গত বছর লোকসান দিতে হইছে। এইবারও লোকসান দিতে হইব। আলুর দাম এহন জমিতে চার থেকে সাড়ে চার টাকা। উত্তরাঞ্চলে এর চেয়ে দাম কম হওয়ার কারণে এই দামেও কিনার লোক নাই। ১৯৭৬ সাল থেকে আলু চাষ করতাছি। কিন্তু এমন লোকসান আর দিতে হয় নাই।’ এভাবেই খেদোক্তি করলেন মুন্সিগঞ্জের রনছ এলাকার স্বর্ণপদকপ্রাপ্ত আলুচাষি মীর সিরাজ। সিরাজ বলেন, ‘গত বছর ১০ একর জমিতে আলু চাষ করে সাড়ে ছয় লাখ টাকা লোকসান হয়েছে। এইবার অনুকূল আবহাওয়া আছে। ফলন গতবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আলুর দাম এত কম। এইবার উৎ পাদনের অর্ধেক টাকাও উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, এ বছর জেলায় ৩৮ হাজার ছয় হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। মনে হচ্ছে, এবার ১২ লাখ মেট্রিক টনের বেশি আলু পাওয়া যাবে। মুন্সিগঞ্জে ৭৭টি হিমাগারের মধ্যে ৬৭টি সচল রয়েছে। ৬৭টি হিমাগারের ধারণক্ষমতা প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন। বাকি আলু নিয়ে কৃষকদের পড়তে হবে বিপাকে।কৃষকেরা জানান, সংরক্ষণ করতে না পারার কারণে আলুর দাম কম পেতে হয়। আবার হিমাগারের কোটা অনেক ব্যবসায়ী অগ্রিম কিনে ফেলে। আবার অতিরিক্ত দামে কৃষকের কাছে বিক্রি করে। এ বছর প্রতি কেজি আলুতে উৎ পাদন খরচ পড়েছে আট টাকা ৯২ পয়সা। সেখানে জমিতে আলুর বর্তমান দাম আছে চার থেকে সাড়ে চার টাকা। উত্তরাঞ্চলে এর দাম আরও কম হওয়ায় এখন সেই দামেও কেউ কিনতে চাইছে না। আলু ব্যবসায়ী ও উত্তর কেওয়ার এলাকার মো. বোরহান উদ্দিন জানান, তিনি ৪০ বছর ধরে আলুর ব্যবসা করছেন। আলুর বাজার এবারের মতো খারাপ কোনো দিন দেখেননি। আলুর দাম একদম কম। কাটাখালী এলাকার কোহিনূর হিমাগারের মালিক উত্তম বাবু জানান, ১০০ টাকা করে তিনি জমা রাখছেন কৃষকের কাছ থেকে। ‘আমার হিমাগারে আলুর ধারণক্ষমতা ১৫ হাজার বস্তা। কিন্তু কাটখালী এলাকায় আলুর চাহিদা আছে ৬০ হাজার বস্তা। এত আলু আমার পক্ষে রাখা সম্ভব না। তাই এই অগ্রিম ভাড়ার ব্যবস্থা করেছি। যাতে কৃষকের চাপ থেকে রক্ষা পাওয়া যায়।’নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশে গত বছর এক কোটি তিন লাখ মেট্রিক টন আলু উৎ পাদন হয়েছিল। সেই অনুপাতে বাংলাদেশে আলুর চাহিদা রয়েছে ৫৪ থেকে ৬০ লাখ মেট্রিক টন। অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করলে অনেক টাকা আয় হতো, কৃষকও দাম পেত, বেঁচে যেত কৃষক। হিমাগারে আলু সংরক্ষণ সমস্যাটাও কেটে যেত। কৃষকদেরও বিড়ম্বনায় পড়তে হতো না।জানা যায়, আগামী আট থেকে দশ দিনের মধ্যে মুন্সিগঞ্জে পুরোদমে আলু তোলা শুরু হবে।জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. হবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আলুর দাম কম। বিদেশ রপ্তানি করলে কৃষক দাম পেত। নইলে এবারও কৃষককে লোকসান দিতে হবে।’