'বিদ্যমান শিক্ষাব্যবস্থা আনন্দদায়ক নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা আনন্দদায়ক নয়। শিক্ষার্থীদের এখনো সনাতনি ধারায় পড়াশোনা করতে হয়। তাই তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেরিয়ে আসে এমন মত। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে অনুষ্ঠিত ‘তথ্য যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা এবং কর্মসংস্থান’ শীর্ষক এই মতবিনিময় সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সভায় একজন শিক্ষার্থী বলেন, শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে হলে শিক্ষকদের বেতন বাড়াতে হবে। বিশেষ করে, প্রাথমিক শিক্ষকদের বেতন আরও বেশি হওয়া উচিত। তাহলে বিশ্ববিদ্যালয় পাস করা অনেক শিক্ষার্থীও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন এবং তাতে শিক্ষার শুরুতেই শিক্ষার্থীদের ভিত্তি শক্ত হবে।
সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গণশিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার জন্য মন্ত্রী তরুণ প্রজন্মের সহযোগিতা চান।
জুনায়েদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের জন্য আগামী এক বছরের মধ্যে জেলা, দুই বছরের মধ্যে উপজেলা ও চার বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ নিশ্চিত করা হবে। এই সময়ের মধ্যে সুলভে ইন্টারনেট সেবাও দেওয়া হবে।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মামুনুর রশিদ, তরুণ উদ্যোক্তা সাদেকা হাসান, সিআরআইয়ের আবদুল আলীম। এ ছাড়া তরুণ প্রজন্মের মতামত নিয়ে করা গবেষণার তথ্য তুলে ধরেন নাজমুল আরেফিন, আরিফ দেওয়ান ও নুসহাত আনোয়ার।