'বিদ্যালয়ের এমন ছুটির ব্যবস্থা কোথাও দেখিনি'
‘বিদ্যালয়ের এমন ছুটির ব্যবস্থা আর কোথাও দেখিনি। অসাধারণ! আর এখানকার শিক্ষার্থীদের কষ্ট করে লেখাপড়া করা চালিয়ে যাওয়াও কঠিন। প্রশংসনীয় বটে।’ প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এমন মন্তব্য করেন বাংলাদেশ ঘুরতে আসা নেদারল্যান্ডসের দম্পতি আন্দ্রে (৫৮) ও আতি (৫৬)।
বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন ও সংস্কৃতি এবং তাঁদের শিশুদের শিক্ষা সম্পর্কে কিছুটা ধারণা পেতে গতকাল শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে আসেন তাঁরা। সঙ্গে ছিলেন ‘বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার’ নামের একটি সংস্থার প্রধান মেহেদি হাসান ও কর্মকর্তা নাজিব ফেরদৌস।
বর্ষাকালে বোরো আবাদের মৌসুমে ধান রোপণের জন্য বিদ্যালয়ে ছুটি থাকে। ওই সময় বিদ্যালয়ের বালক-বালিকা, কিশোর-কিশোরী শিক্ষার্থীরা ধান রোপণ করে পরিবারের জন্য আয় করে। এ ছাড়া ধান কুড়ানো, ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ এবং খেত থেকে আলু সংগ্রহের সময়ে এসব শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হয় না। এই তথ্য শুনে আন্দ্রে বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫০টি দেশ ভ্রমণ করেছি। কোথাও এমন ছুটির ব্যবস্থার কথা শুনিনি।’ আন্দ্রে ও আতি প্রায় আড়াই ঘণ্টা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকেন।
বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ‘দাশাই’ রীতিতে নেচে-গেয়ে অতিথিদের সীমানা থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে নিয়ে যায়। এরপর মেয়ে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে তাঁদের বরণ করে নেয়। শিক্ষার্থীদের সঙ্গে আন্দ্রে ও আতি শিশুদের উপযোগী ‘ঊন’ নামের মজার তাস খেলায় অংশ নেন।
পরে আন্দ্রে ও আতি দম্পতি গ্রামের মাটি ও খড়ের তৈরি একাধিক ঘর পরিদর্শন করেন। দোভাষীর মাধ্যমে গ্রামের নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন তাঁরা। জীবন ও সংস্কৃতির কথা শোনেন। যাওয়ার সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আন্দ্রে ও আতি বলেন, জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে ঘুরতে এসে ক্ষুদ্র জাতিসত্তার এই গ্রাম ঘুরে দেখা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর স্মৃতি তাঁদের মনে থাকবে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জন্য বিদ্যালয় পরিচালনার কারণে প্রথম আলো ট্রাস্টকে তাঁরা ধন্যবাদ জানান।