‘বিদ্যুতের দাবিতে ঘেরাও করব’
দুই বছরের মধ্যে দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না। আগামী তিন-চার মাসের মধ্যে ফরিদপুরে নির্মাণাধীন ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু হবে দাবি করে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তখন যদি ফরিদপুরে বিদ্যুৎ দেওয়া না হয়, তবে আমরা বিদ্যুতের দাবিতে ঘেরাও করব।’ গত শনিবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পরও দেশে ৪০ লাখ টন খাদ্য মজুদ ছিল। এবার ক্ষমতায় এসে আমরা ঘাটতি পেয়েছি ২৪ লাখ টন। সে সময় বিদ্যুৎ উৎপাদিত হতো চার হাজার ৩০০ মেগাওয়াট আর এবার এসে আমরা পেয়েছি এক হাজার ৬০০ মেগাওয়াট।’ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বিগত সরকারের আমলে দেশ জঙ্গিতে ভরে গিয়েছিল। বাংলা ভাই, ইংরেজি ভাইয়েরা বোমা মারত। আমরা স্বাধীনতা দিবস, নববর্ষ, বিজয় দিবস বা কোনো মেলা ঠিকমতো করতে পারতাম না। প্রকৃতপক্ষে বিগত সরকারের আমল ছিল জঙ্গিবাদের আমল। এক মেগাওয়াট বিদ্যুৎও ওই সরকার উৎপাদন করতে পারেনি।’সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, খন্দকার মোহতেশাম হোসেন, আবুল ফয়েজ শাহনেওয়াজ, আক্কাস হোসেন, এ এইচ এম ফোয়াদ প্রমুখ।