'বিদ্যুতের দাম বাড়ানো চলবে না'
বিদ্যুতের দাম না বাড়াতে গতকাল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) চিঠি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা। চিঠিতে বলা হয়, জনমত ও জনস্বার্থ উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। যা বাস্তবায়ন করা হলে কৃষিজমিতে সেচব্যবস্থার ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর প্রভাব পড়বে। তাই বিদ্যুতের দাম না বাড়িয়ে এর উৎপাদন ব্যয় কমাতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ, গণফোরামের মোশতাক আহমেদ, ওয়ার্কার্স পার্টির জাহাঙ্গীর আলমসহ বিইআরসিতে গণশুনানিতে অংশগ্রহণকারী ১১ জন সম্মিলিতভাবে চিঠিটি বিইআরসি চেয়ারম্যানকে দিয়েছেন।
১২ মার্চ জ্বালানি মন্ত্রণালয়ে বিক্ষোভ: বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতা বাতিলের দাবিতে ১২ মার্চ জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে গণসংহতি আন্দোলন। এর আগের দিন ১১ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুতের দাম প্রশ্নে সুনির্দিষ্ট দাবিনামা পেশ করবে সংগঠনটি।
গতকাল গণসংহতির কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবদুস সালাম, ফিরোজ আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।