'বিদ্যুৎ উৎপাদন খরচ কমলে দাম বাড়ল কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে, উৎপাদনও বেড়েছে। এ কথা সরকারই বলছে। তবে কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত?
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এ প্রশ্ন তুলে গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী)। সেখানে বক্তারা এসব কথা বলেন।
বিকেল পাঁচটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিটি পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, উৎপাদন খরচ কমলেও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গ্যাসেরও দাম বাড়ানো হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ বিশেষজ্ঞরা এই দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করেন। এর প্রভাব পড়বে সাধারণ মধ্যবিত্ত ও গরিব মানুষের ওপর। বাসা ভাড়া, গাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে নাগালের বাইরে চলে যাবে।
বাসদ সিলেট জেলা শাখার সদস্য হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে সমাবেশে বাসদ জেলা সদস্য মোখলেছুর রহমান, সুশান্ত সিনহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সভাপতি রেজাউর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অপু কুমার দাশ বক্তব্য দেন।