'বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এমনিতেই উন্নয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে সেখানে এমনিতেই উন্নয়ন হবে। সরকার বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে।

নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর থেকে চাপড়া কাচারি পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়কের পাকাকরণ কাজের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। আমাদের ১৬ কোটি মানুষের দেশ, এটা চাইলে রাতারাতি করা সম্ভব না, এরপরও অনেক উন্নয়ন সম্ভব হয়েছে। নীলফামারীতে ইপিজেড হয়েছে, অর্থনৈতিক জোন হবে, মেডিকেল কলেজ হবে, ইপিজেডে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।’ তিনি বলেন, মেয়েদের বাল্যবিবাহ দেবেন না। সরকার তাদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে, বিনা মূল্যে বই দিচ্ছে। তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, দেশের জনসংখ্যার অর্ধেক মেয়ে। তারা লেখাপড়া না করলে দেশ এগোবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ। এর আগে মন্ত্রী ইটাপীর বাজার–সংলগ্ন সড়কে ওই কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।

পরে বেলা দুইটার দিকে মন্ত্রী একই ইউনিয়নের বাবড়ীঝাড় গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আওতাধীন থাই পেয়ারার বাগান পরিদর্শন করে সেখানে একটি সভা করেন।