বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার পর যাঁরাই ক্ষমতায় গেছেন, তাঁরাই নিজেদের আখের গুছিয়েছেন। জনগণের টাকা লুটে পুঁজিপতি হয়েছেন। কুইক রেন্টালের নামে বর্তমান সরকারের আত্মীয়স্বজন বিদ্যুৎ খাত থেকে ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল সোমবার বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর আহমেদ এসব কথা বলেন।‘জোট-মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলো’—এই আহ্বান সামনে রেখে ‘জাগরণ যাত্রা’র অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। সিপিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি কানাই লাল গাঙ্গুলীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন: বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুজ্জামান ও মানিক মজুমদার।