‘বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গতি নেই মেরামতেও নেই আগ্রহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজে অগ্রগতি নেই। পুরোনো বিদ্যুৎকেন্দ্র মেরামতেও সরকারের আগ্রহ নেই। এ অভিযোগ বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সদস্যরা এ অভিমত দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে দশটি বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে সেনাবাহিনী মোতায়েন আছে উল্লেখ করে বৈঠকে বলা হয়, অন্য সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি প্রক্রিয়াধীন।বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘বিদ্যুৎ খাতে যে গতিতে কাজ করার কথা ছিল, সরকার তা করতে পারেনি। এতে সারা দেশে সেচকাজ ব্যাহত হবে। এ নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে।’বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০০১ সালের আগস্টে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ২৮তম বৈঠকে জানানো হয়েছিল, পাঁচটি পুরোনো বিদ্যুৎকেন্দ্র মেরামতের কাজ শেষ করে ২০১২ সালের মাঝামাঝি সময়ে চালু করা যাবে। গতকাল কমিটির ৪৬তম বৈঠক হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি কেন্দ্রও চালু করা সম্ভব হয়নি। এর মধ্যে খুলনা বিদ্যুৎকেন্দ্র (ইউনিট-১) সম্পর্কে হালনাগাদ কোনো তথ্য দিতে পারেনি মন্ত্রণালয়। ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র (ইউনিট-৬) মেরামতের জন্য নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। ঘোড়াশাল ইউনিট-২ মার্চে চালু হওয়ার কথা ছিল। হরিপুর-৩ ও আশুগঞ্জ-১ কেন্দ্র চলতি মাসে চালু হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।সরকারি ও বেসরকারি নতুন ছয়টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অগ্রগতি নিয়েও হতাশা প্রকাশ করে কমিটি। কার্যপত্র থেকে জানা গেছে, চুক্তি অনুযায়ী চট্টগ্রামের মোহরা (৫০ মেগাওয়াট), চট্টগ্রামের পতেঙ্গা (১০৮), জামালপুরের পিকিং (৯৫), ঢাকার গাবতলী (১০৮), কেরানীগঞ্জের বসিলা-১ (১০৮) ও রাউজান (২৫ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র ২০১২ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে চালু হওয়ার কথা ছিল। বৈঠকে সদস্যরা বলেন, নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রও সময়মতো চালু করা সম্ভব হয়নি। পাঁচ হাজার ৪৩৭ মেগাওয়াট ক্ষমতার মধ্যে মাত্র এক হাজার ৭৫২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ প্রকৃতপক্ষে শুরু হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের মেয়াদে এক হাজার বা তার কিছু বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।জামায়াত-শিবিরের সহিংসতার সময়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পল্লী বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয় বৈঠকে। এ ছাড়া সব সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) তালিকায় অন্তর্ভুক্ত করে নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইসরাফিল আলম, শেখ ফজলে নূর তাপস ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন।