‘বিদ্যুৎকেন্দ্র হয়া আমাগরে কী লাভ হলো!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় স্থাপিত ৭০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে কয়েক মাস ধরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডলাইনে যুক্ত হচ্ছে। এতে হতাশ স্থানীয় লোকজন। তাঁরা ভেবেছিলেন, বাড়ির পাশে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বিদ্যুতের অভাব এবার বুঝি ঘুচবে। কিন্তু লোডশেডিং কমার বদলে উল্টো বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ।এদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পিডিবির নির্বাহী প্রকৌশলী বলছেন, ‘এখান থেকে স্থানীয় এলাকায় সরাসরি বিদ্যুৎ যাওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় বা অন্যান্য এলাকায় কতটুকু বিদ্যুৎ যাবে, তা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ঠিক করবে।’পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বাসিন্দা ও হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘এলাকায় বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হওয়ার পর খুশি হইছিলাম। ভাবছিল্যাম, আমাগরে লোডশেডিং কিছুটা কুমবি। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর দেখত্যাছি লোডশেডিং আরও বাড়িছে। এলাকায় বিদ্যুৎকেন্দ্র হয়া আমাগরে কী লাভ হলো?’জানা যায়, ২০১০ সালের ৫ আগস্ট বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় পাম্পিং স্টেশনের পাশে ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র’র নির্মাণকাজ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড কেন্দ্রটি নির্মাণ করে। ৫৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ৮ অক্টোবর পিডিবির কাছে হস্তান্তর করা হয়। কেন্দ্রে ৮ দশমিক ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন নয়টি জেনারেটর রয়েছে।জানা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও কেন্দ্রটি বুঝে পাওয়ার পর থেকে পিডিবি ৬০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আসছিল। সপ্তাহ দুয়েক আগে দুটি জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে এখানে ৫০-৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডলাইনে যুক্ত হচ্ছে।বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পিডিবির নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, ‘দুটি জেনারেটর নষ্ট হয়ে পড়ায় বাকি সাতটির মাধ্যমে প্রতিদিনি গড়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ওয়ারেন্টির আওতায় থাকায় হুন্দাই কোম্পানি শিগগিরই নষ্ট হওয়া জেনারেটর দুটি মেরামত করে দেবে।’জানা যায়, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাভুক্ত বেড়া, সাঁথিয়া, সুজানগর ও পাবনা সদর (আংশিক) উপজেলায় পিক আওয়ারে ৩০-৩২ মেগাওয়াট এবং অফ পিক আওয়ারে প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া যাচ্ছে গড়ে পিক আওয়ারে ১৩ এবং অফ পিক আওয়ারে ৭ মেগাওয়াট। অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আমরা জায়গা দিয়েছি। এ ছাড়া প্রতিদিন শব্দদূষণ ও পরিবেশদূষণের শিকার হচ্ছি। বিনিময়ে আমরা লোডশেডিং থেকে মুক্ত হওয়ার আশা করেছিলাম। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর লোডশেডিং যেকোনো সময়ের চেয়ে আরও বেড়েছে।’