'বিদ্রোহী প্রার্থী' ঠেকাতে মাঠে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের বিদ্রোহী প্রার্থী ঠেকাতে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ জন্য দলের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয়ের জন্য সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন সাংগঠনিক সম্পাদক স্ব স্ব বিভাগে গেছেন।
গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের তিন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাত সাংগঠনিক সম্পাদককে নিয়ে বৈঠক করেন। এতে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মাঠপর্যায়ে আলোচনা করে সমঝোতা করতে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়।
পরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ স্ব স্ব এলাকায় চলে গেছেন। ১০ ডিসেম্বরের মধ্যে সব পৌরসভায় একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটির। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জেলার নেতাদের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদকেরাও দায়িত্ব পালন করবেন। একেবারেই সম্ভব না হলে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া হবে।’
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই কাজ করছি।’
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন সাংগঠনিক সম্পাদক বলেন, তাঁরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় নেতাদের নিয়ে সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কথা বলবেন। কথা না শুনলে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।