'বিদ্রোহীদের' বহিষ্কার করল আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ ও বিএনপি। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা নেতা-কর্মীদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।
গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমানকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিউল আলমকে বহিষ্কারের কথা বলা হয়।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কোনো চিঠি পাননি। তিনি বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের কোনো পদে নাই। দলের প্রাথমিক সদস্য। জেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করতে পারে না।’ তাঁর অভিযোগ, তাঁর পক্ষে যেসব নেতা-কর্মী কাজ করছেন, তাঁদেরও দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে।
এ সম্পর্কে মো. মুছা মাতব্বর বলেন, দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে (হাবিবুর রহমান) বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা কাজ করবেন, তাঁদেরও বহিষ্কার করা হবে।
বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী রবিউল আলম বলেন, ‘আমি দলের জেলা কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক এবং শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। আমাকে বহিষ্কারের এখতিয়ার জেলা কমিটির নেই। তা ছাড়া যে কমিটির নেতার স্বাক্ষরে আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই কমিটি এখনো কেন্দ্রীয়ভাবে অনুমোদন পায়নি।’
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আমরা রবিউল আলমকে বহিষ্কার করেছি। কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ পাঠানো হবে। দলের বা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকের পক্ষে কাজ করলে তাঁদের বহিষ্কার করা হবে।’