'বিদ্রোহী' কিন্তু কাজে 'সহনশীল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় সব জায়গার মতোই জয়পুরহাটের আক্কেলপুর পৌর নির্বাচনেও প্রধান দুটি দল বিএনপি ও আওয়ামী লীগ। দল দুটি থেকে মেয়র পদের জন্য মনোনয়ন চেয়েছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ ও বিএনপি থেকে পৌর বিএনপির (একাংশের) সভাপতি ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় তাঁদের গায়ে ‘বিদ্রোহী’র তকমা লেগে যায়। এই দুই প্রার্থী ‘বিদ্রোহী’ হিসেবে চিহ্নিত হলেও প্রতীক বরাদ্দের দিনে তাঁরা নিজেরাই ছিলেন ‘সহনশীল’।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও গোলাম শাহনেওয়াজ প্রথমেই আওয়ামী লীগের ও বিএনপির মেয়র প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেন। স্বতন্ত্র প্রার্থী এনায়েতুর রহমান আকন্দ ও আলমগীর চৌধুরীকে প্রতীক বরাদ্দ দিতে এসে কিছুটা থমকে যান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, এনায়েতুর রহমান আকন্দ ও আলমগীর চৌধুরী দুজনেই মোবাইল প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা একজনকে মনোনয়নপত্রে উল্লিখিত প্রতীক দিতে পারব। এ সময় রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে এনায়েতুর রহমান আকন্দ বলেন, ‘আমার অত্যন্ত স্নেহের আলমগীর চৌধুরী। তাঁকে মোবাইল প্রতীক ছেড়ে দিলাম। আমাকে খেজুরগাছ প্রতীক বরাদ্দের আবেদন করছি।’ উপস্থিত প্রার্থীরা এনায়েতুর রহমান আকন্দের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে করতালি দেন।
রিটার্নিং কর্মকর্তা শাহনেওয়াজ জানান, আলমগীর চৌধুরীকে মোবাইল প্রতীক আর এনায়েতুর রহমান আকন্দকে খেজুরগাছ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এনায়েতুর রহমান আকন্দ ছাড় দেওয়ায় মোবাইল প্রতীক বরাদ্দের দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
আলমগীর চৌধুরী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের যে প্রতীকগুলো ছিল, তার মধ্যে মোবাইল প্রতীকটি আমার পছন্দের প্রতীক। আমাকে মোবাইল প্রতীক ছেড়ে দেওয়ায় এনায়েতুর রহমান আকন্দ চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’