'বিদ্রোহী' নিয়ে বিপাকে আ.লীগ দ্বন্দ্বে অস্বস্তিতে বিএনপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন পৌরসভায় মেয়র পদে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিদ্রোহী না থাকলেও স্বস্তিতে নেই বিএনপির প্রার্থী।
পৌরসভার বর্তমান মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। মাঠে রয়েছেন জাতীয় পার্টির ফিরোজ খান। এ অবস্থায় প্রার্থীদের দৌড়ঝাঁপে জমে উঠেছে ভোটের লড়াই।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, পৌরসভায় মেয়র পদে স্থানীয় সাংসদ রেবেকা মমিনের অনুসারী হিসেবে পরিচিত ও দলের উপজেলা কমিটির সাবেক সদস্য এ কে এম সাইফুল ইসলাম মনোনয়ন পান। মনোনয়ন না পেয়ে দলের উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান তালুকদার স্বতন্ত্র প্রার্থী হন। এতে তৃণমূলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। ইতিমধ্যে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলেও তৃণমূলের অনেক নেতা-কর্মী তাঁকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তাঁকে নিয়ে অস্বস্তিতে রয়েছে দলীয় প্রার্থী।
আবদুল হান্নান তালুকদার বলেন, ‘আমি জাতীয় রাজনীতির গ্রুপিংয়ের শিকার। প্রচারণা চালাতে গিয়ে আমার কর্মীরা বাধার শিকার হচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হব।’
আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্রোহী প্রার্থীকে নিয়ে অস্বস্তি তো রয়েছেই। এখনো দলের অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু কেন্দ্র বা জেলার নেতারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিদ্রোহী প্রার্থী না থাকলে আমি নিশ্চিন্তে পাস করতাম।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান বলেন, ‘বিদ্রোহী প্রার্থী সরে না যাওয়ায় সমস্যায় আছি। দীর্ঘদিন ধরে দল করায় অনেকেই গোপনে তাঁর পক্ষ নিয়েছেন, যা আমাদের ভাবিয়ে তুলেছে।’
বিএনপির স্থানীয় সূত্র জানায়, দলীয় প্রার্থী মাশরিকুর রহমানকে ঘিরে পুরোনো দ্বন্দ্বের কারণে দলের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। আঞ্চলিকতা ছাড়াও প্রার্থীর ঢাকায় অবস্থানের দোহাই দিয়ে অনেকে তাঁর বিকল্প ভাবছেন।
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা-কর্মী বলেন, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মাশরিকুর রহমানের ভূমিকার জন্য অনেকে তাঁর ওপর ক্ষুব্ধ। তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। এতে অনেকে বিকল্প চিন্তা করছেন, যা শেষ পর্যন্ত দুই স্বতন্ত্র প্রার্থীর পাল্লাই ভারী করবে।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম বলেন, ‘বিএনপিসহ এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই একক প্রার্থী বাছাই করেছি। এতে কারও ক্ষোভ আছে বলে মনে হয় না।’
বিএনপির প্রার্থী মাশরিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ধানের শীষ প্রতীকে নির্বাচনে ঐক্যবদ্ধ থাকলেও আমরা বিভিন্ন চাপ ও হুমকিধমকির মধ্যে আছি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জয় নিশ্চিত।’
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, বিএনপি ঘরানার হলেও বর্তমান মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন গতবারের মতো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এ ব্যাপারে দেওয়ান মোদাচ্ছের হোসেন বলেন, ‘দলীয় প্রতীক কোনো সমস্যা না। মেয়র থাকা অবস্থায় উন্নয়নমূলক ও নানা ইতিবাচক কর্মকাণ্ডের মূল্যায়ন করে সব দলের লোকই আমাকে ভোট দেবেন।’
উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সন্তোষজনক ভোট পাব।’