'বিদ্রোহী' প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রাহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। দলটির দুই নেতা প্রার্থী হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। অন্যদিকে, একক প্রার্থী দিয়ে অনেকটা সুবিধায় রয়েছে বিএনপি।
নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন গত বছরের ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে শরীফ আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হন৷ কিন্তু গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শরীফ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন৷ এতে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯ মে এখানে শুধু চেয়ারম্যান পদে ভোট হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন চান কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহসভাপতি আশারাফ আলী খান ও তারাকান্দা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার। আশারাফ আলী খান দলীয় সমর্থন পান৷ পরে নুরুজ্জামানকে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে কয়েক দফা বৈঠক করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত নুরুজ্জামান সরে না দাঁড়ানোয় দলীয় নেতা-কর্মীদের মধ্যেও কিছুটা বিভেদ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী জানান, দুজন প্রার্থী থাকায় তাঁরা বেশ বেকায়দায় আছেন।
নুরুজ্জামান সরকার বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মীই প্রকাশ্যে ও গোপনে তাঁর পক্ষে কাজ করছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
তবে দলীয় নেতা-কর্মীদের বিভক্তির বিষয়টি মানতে নারাজ আশরাফ আলী খান৷ তিনি বলেন, সব নেতা-কর্মীই তাঁর পক্ষে কাজ করছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
বিএনপি সূত্রে জানা গেছে, ৩ অক্টোবরের নির্বাচনে হেরে গেলেও এবার দলের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
দলটির নেতা-কর্মীরা জানান, প্রথম নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে হেরে গেলেও এবার দল আরও বেশি ঐক্যবদ্ধভাবে মোতাহারের পক্ষে কাজ করছে।
মোতাহার হোসেন তালুকদার জানান, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপরে শতভাগ আশাবাদী।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার মোট ১০টি ইউনিয়নে এক লাখ ৮৮ হাজার ৫০০ ভোটার। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সঠিকভাবে চলছে।