'বিদ্রোহী' প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় মনোনয়ন না পেয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুজন নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এতে আওয়ামী লীগের প্রার্থী বেকায়দায় রয়েছেন। তবে একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় রয়েছেন বিএনপির প্রার্থী।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবদুল কাদের শেখ আওয়ামী লীগের প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং
সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ছেলে সাজেদ মোশারফ। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম দলটির একক প্রার্থী। এ ছাড়া জাতীয় পার্টির খোরশেদ আলম মনোনয়ন জমা দিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ব্যানারে মেয়র পদপ্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবদুল কাদের, খলিলুর রহমান ও সাজেদ মোশারফ প্রচার চালিয়ে আসছিলেন। পৌরসভার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হলে স্থানীয় নেতা-কর্মী তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। তবে আবদুল কাদের দলীয় মনোনয়ন পাওয়ার পর বাকি দুজনও মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী খলিলুর রহমান দাবি করেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন না দিয়ে জেলা নেতারা এককভাবে মনোনয়ন দিয়েছেন। তবে তৃণমূল নেতা-কর্মী ও ভোটাররা আমাকে জোরালো সমর্থন দিয়েছেন।’ তিনি শেষ পর্যন্ত নির্বাচন চালিয়ে যাওয়ার কথা বলেন।
মেয়র প্রার্থী সাজেদ মোশারফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বর্তমান মেয়র আবদুল কাদের শেখ বলেন, যাঁরা দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়েছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। দলীয় সিদ্ধান্তের বাইরে না গিয়ে অবশেষে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে তিনি আশা করেন।
ইসলামপুর পৌর শহরের ভোটার মো. কুরবান আলী বলেন, ‘দুই দলের প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটাররা যাচাই-বাছাই করছেন। যিনি পৌর শহরের উন্নয়নকাজে সব সময় নিয়োজিত থাকবেন, আমরা তাঁকেই মেয়র হিসেবে ভোট দেব।’
ইসলামপুর আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে খুব দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্রোহী প্রার্থীর জন্য দল এখনো বেকায়দায় পড়ার মতো কোনো অবস্থা সৃষ্টি হয়নি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বলেন, ‘বিএনপির একক প্রার্থী থাকলেও দলীয় কিছু মতপার্থক্য রয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী যে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল, কেন্দ্রীয়ভাবে তা পরিবর্তন হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে একক প্রার্থী হওয়ার পর আমরাও কিছু বেকায়দায় রয়েছি। তবে এ সমস্যা দ্রুত সমাধান করা হবে।’
বিএনপির একক মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তাঁর বিজয় নিশ্চিত।