'বিদ্রোহী' প্রার্থীদের বশে আনতে পারেনি আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের বিদ্রোহী প্রার্থীদের বশে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গতকাল রোববার পর্যন্ত দুই দলের দুই বিদ্রোহী প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
পৌর বিএনপির একাংশের সভাপতি বর্তমান পৌর মেয়র আলমগীর চৌধুরী ওরফে বাদশা ও উপজেলা বিএনপির সদস্য বর্তমান পৌর কাউন্সিলর রেজাউল করিম মেয়র পদে দলীয় মনোনয়ন চান। পরে রেজাউল করিম দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। আলমগীর চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হন।
দুই দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত তাঁদের দলের সম্মানজনক পদ ও আর্থিক প্রস্তাবনা দিয়েও মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এমনটাই সবাই ধারণা করেছিলেন। শেষ পর্যন্ত তা করেননি।
স্বতন্ত্র মেয়র প্রার্থী এনায়েতুর রহমান আকন্দ গতকাল রোববার বলেন, ‘আমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ ও লোভ দুটোই দেওয়া হয়েছিল। নির্বাচনে আছি। এতে যদি আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তার জন্য আমি প্রস্তুত।’
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেকুর রহমান বলেন, স্থানীয় সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশে এনায়েতুর রহমান আকন্দকে গত শনিবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল।
বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘ষড়যন্ত্র করে আমার দলীয় মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনে দাঁতভাঙা জবাব দিতে চাই। এ কারণে চাপ-অনুরোধ কোনোটাই মেনে নিইনি।’