'বিদ্রোহী' প্রার্থীর দৌড়ঝাঁপ, বিএনপির প্রার্থী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর পক্ষে দলের নেতা-কর্মীদের বড় একটা অংশ কাজ করায় বিপাকে পড়েছেন দলীয় প্রার্থী। বিএনপির স্থানীয় সাবেক সাংসদের একক ইচ্ছায় প্রার্থী মনোনীত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা যায়, এই পৌরসভায় বিএনপির সাতজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা প্রত্যেকেই মনোনয়ন পাওয়ার জন্য ঢাকায় ‘লবিং’ করেন। পরে বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামছুদ্দিন আহমেদের একক ইচ্ছায় উপজেলা কমিটির সদস্য ওমর ফারুক মনোনয়ন পান। মনোনয়নপ্রত্যাশী পাঁচজন প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও উপজেলা বিএনপির সদস্য চান মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পৌর বিএনপির সভাপতি শমশের আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের বড় একটা অংশ নির্বাচনে চান মাহমুদের পক্ষে কাজ করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক সাংসদ শামছুদ্দিন আহমেদের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতা বলেন, ওমর ফারুক এক বছর আগে উপজেলা বিএনপির সদস্য হয়েছেন। সাবেক সাংসদের একক সমর্থনে মনোনয়ন পাওয়ায় তাঁকে অনেকেই সাংসদ মনোনীত প্রার্থী বলে অভিহিত করেন।
ওমর ফারুক বলেন, ‘দলের সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছি। সবার উচিত আমার পক্ষে কাজ করা। টাকার বিনিময়ে চান মাহমুদ কিছু নেতা-কর্মীকে নিজের পক্ষে ভিড়িয়েছেন। শেষ সময়ে তাঁরা কেউ থাকবেন না। সবাই ধানের শীষেই ভোট দেবেন। আমি দলছুট নেতাদের দলের পক্ষে কাজ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। উপজেলা ও পৌর বিএনপির অনেক নেতা আমার নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত।’
গত শনিবার সরেজমিনে দেখা যায়, পৌর শহরের ভালুকজান এলাকায় চান মাহমুদের পক্ষে পৌর ও উপজেলা বিএনপির নেতারা প্রচারণায় অংশ নিয়েছেন। বিএনপির প্রার্থী ওমর ফারুককে পৌর শহরের হাসপাতাল সড়কে ভোট চাইতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে তিনজন সমর্থক দেখা যায়। তাঁরা কেউ বিএনপির নেতা নন।
শমশের আলী বলেন, পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের বেশির ভাগ নেতাই চান মাহমুদের পক্ষে সমর্থন দেন। কিন্তু শামছুদ্দিন আহমেদ একক ইচ্ছায় কেন্দ্রীয় নেতাদের বলে ওমর ফারুককে মনোনয়ন পাইয়ে দেন। ওমর ফারুক কয়েক মাস আগে বিএনপিতে এসেছেন। এর আগে তিনি জামায়াত করতেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম কিবরিয়া নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।