'বিদ্রোহী'কে সরে যেতে আলটিমেটাম প্রার্থীর 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী আনোয়ার আলী মৃধাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য গত শনিবার রাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান। তবে গতকাল রোববারও আনোয়ার আলী ভোটের মাঠে থাকার কথা বলেছেন।

ফজলুর রহমান বলেন, নির্বাচন থেকে সরে এলে ফুলের মালা দিয়ে তাঁকে (আনোয়ার আলী মৃধা) বরণ করে সাংগঠনিক পদে রাখা হবে। আর যদি তা না করেন, তবে বিএনপি থেকে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

শনিবার রাতে হোসেনপুর ডিগ্রি কলেজের মিলনায়তনে পৌরসভা নির্বাচন নিয়ে সভা হয়। এতে হোসেনপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ফজলুর রহমান।

গতকাল বেলা আড়াইটার দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার আলী মৃধা বলেন, ‘দল আজীবনের জন্য বহিষ্কার করলেও নির্বাচন করব। আশা করছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিই মেয়র হব এবং পরে বিএনপি আমাকে আবার দলে টেনে নেবে।’

দলীয় সূত্র জানায়, কিশোরগঞ্জের সাতটি পৌরসভার মধ্যে ছয়টি থেকে বিএনপি বিদ্রোহীদের সরাতে পারলেও আনোয়ার আলী মৃধা সরেননি। হোসেনপুরে বিএনপির প্রার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান। এখানে আওয়ামী লীগের দুজন বিদ্রোহীসহ মোট পাঁচজন মেয়র পদে নির্বাচন করছেন।

ফজলুর রহমান বলেন, দীর্ঘ সাত বছর পর জনগণের অধিকার ফিরে পাওয়ার আশায় যে নির্বাচন হচ্ছে, তা হবে ধানের শীষ আর নৌকার মর্যাদার লড়াই। কাজেই নির্বাচনে দলের পক্ষে কে দাঁড়ালেন, তা না দেখে ধানের শীষে ভোট দিতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, হোসেনপুর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক জুয়েল, পাকুন্দিয়া পৌরসভার মেয়র জালাল উদ্দিন ও হোসেনপুরের মেয়র প্রার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান।