'বিদ্রোহী'সহ জয়ের পাল্লা ভারী ফুলপুর বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত মঙ্গলবার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চারজন করে চেয়ারম্যান জয়ী হয়েছেন। একটি ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। একটিতে নির্বাচন স্থগিত রয়েছে। সেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি এবং এর বিদ্রোহী প্রার্থী। তাই ফুলপুরে বিদ্রোহীসহ বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের জয়ের পাল্লা ভারী হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ছনধরা, ভাইটকান্দি, রহিমগঞ্জ ও বওলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। রামভদ্রপুর, পয়ারী, বালিয়া ও রূপসী ইউনিয়নে জয় পেয়েছে বিএনপি। ফুলপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। একটি কেন্দ্রে ভোট বাতিল হওয়ায় সিংহেশ্বর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, চারটিতে দলীয় প্রার্থীর জয় এবং একটিতে দলের বিদ্রোহী প্রার্থীর জয় বিএনপির জন্য সুখবর। প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে মতানৈক্য ও পাল্টাপাল্টি অভিযোগ ছিল। তবে ফলাফলের পর নেতারা সন্তুষ্ট।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের জোরালো ভূমিকা ছিল। প্রশাসনকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ।
আওয়ামী লীগের তৃণমূলের সমর্থকেরা মনে করছেন, প্রথম দফায় সারা দেশে ৭১২টি ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগের জয়জয়কার, সেখানে ফুলপুরে মাত্র চারটিতে জয় দলের জন্য সুখবর নয়। উপজেলায় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ঠিক ছিল না। বিশেষ করে ফুলপুর ও পয়ারীতে প্রার্থী দুর্বল ছিলেন। পয়ারী ইউনিয়নে মনোনয়ন পান এনামুল কবীর। শুরু থেকেই তাঁর অবস্থা খারাপ ছিল। ভোট চলাকালে ইমাদপুর কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগে পুলিশের হাতে আটক হন তিনি। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ফুলপুর ইউনিয়নে মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম হাকিমের ছেলে কামরুল হাসান। তাঁর নিজের পরিচিতি ছিল না, বাবার পরিচয়ে পরিচয়।
এম এ হাকিম বলেন, ‘আমি নিজেও চাইনি ছেলে নির্বাচন করুক। দলের ইচ্ছায় সে প্রার্থী হয়েছে। দলের সিনিয়র কয়েকজন নানা কারণে ইমেজ নষ্ট করে ফেলায় দল তাঁদের মনোনয়ন দেয়নি।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, প্রার্থী মনোনয়নে বড় দুটি ভুল ছিল। সারা দেশের সঙ্গে তুলনা করলে ফুলপুরে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।