গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল জলিলকে আটকের প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল শুক্রবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।
আবদুল জলিলকে আটকের ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত জানান, আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, জুমার নামাজ শেষে শ্রীপুরের বরমী এলাকায় গণসংযোগ চালানোর সময় সাদা পোশাকের কয়েকজন লোক এসে র্যাব পরিচয় দিয়ে আবদুল জলিলকে গাড়িতে তুলে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন, ‘কে বা কারা সাদা পোশাকে চেয়ারম্যান পদপ্রার্থী জলিলকে ধরে নিয়ে গেছে, আপনারা যে যেখানে আছেন, মাওনা এলাকায় চলে আসেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে এ ঘোষণার পর চারদিক থেকে শত শত লোক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় গিয়ে অবস্থান নেয়। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। বেশ কিছু যানবাহনও ভাঙচুর করা হয়। বেলা পৌনে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অবরোধে মাওনা থেকে দুই দিকে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয় শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে পুলিশ।
আবদুল জলিলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মো. নুরুন্নবী আকন্দ জানান, গত বুধবার র্যাবের কার্যালয় থেকে বেশ কয়েকবার ফোন আসে। তাঁরা আবদুল জলিলকে গাজীপুরের শিমুলতলী ক্যাম্পে দেখা করতে বলেন। কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।
নুরুন্নবী আকন্দ বলেন, আবদুল জলিলকে গতকাল আটকের পর উত্তরার দিকে নিয়ে যাওয়া হয়। পরে এলাকায় উত্তেজনার খবর পেয়ে টঙ্গী ব্রিজ থেকে তাঁকে ফিরিয়ে এনে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি সন্ধ্যা সাতটার দিকে মাওনা এলাকায় পৌঁছালে অবরোধ তুলে নেওয়া হয়।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী এলাকায়ও অবরোধ সৃষ্টি করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন বলেন, র্যাব-১-এর সদস্যরা আবদুল জলিলকে তলব করেছিলেন। তবে কী কারণে, সেটা জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুর নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমর্থক হিসেবে পরিচিত। আর দলের মতের বাইরে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল। তিনি স্থানীয় সাংসদ মো. রহমত আলীর সমর্থক হিসেবে পরিচিত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান সাংবাদিকদের জানান, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের ভোটে প্রার্থী নির্বাচনের আয়োজন করে। সেখানে সাংসদ রহমত আলীর উপস্থিতিতে তৃণমূলের ২২৭ জন কাউন্সিলরের মধ্যে ১৯৯ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। তাঁদের মনোনীত প্রার্থীরা হলেন: চেয়ারম্যান পদে আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান পদে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন্নাহার মেজবাহ। তিনি বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন না নিয়ে ইকবাল হোসেনকে দলীয় সমর্থন দেওয়ায় উপজেলা আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে আবদুল জলিলকে সমর্থন দিচ্ছে।
শ্রীপুরে আরও দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল মোতালেব ও স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন খন্দকার। ১৫ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।