কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের তিনজন ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী এখনো প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাঁরা মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মানুষের কাছে নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন। এতে ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কায় অস্বস্তিতে আছেন দলীয় নেতা-কর্মীরা।
এদিকে ‘বিদ্রোহীর’ কারণে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে স্বস্তিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির দলীয় প্রার্থী।
সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মোট আটজন প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ-উল-ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক শাহীন আহমেদ। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্যাহ আল মামুন। অন্য চারজন মেয়র প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজাদুল করিম প্রামাণিক, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সহসভাপতি মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির (মঞ্জু) সদস্য মশিয়ার রহমান ও পৌর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন।
জানতে চাইলে বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ-উল-ইসলাম বলেন, ‘গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জনগণের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি।’
এর আগে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলামের বিরোধিতার কারণে দলীয় মনোনয়নের সময় মামুনের নাম কেন্দ্রে পাঠানো হয়নি। কিন্তু কেন্দ্রীয় কমিটি মামুনকেই মনোনয়ন দেয় বলে জানা গেছে।
আবদুল্যাহ আল মামুন অভিযোগ করেন, গত ২ অক্টোবর সাংসদের গুলিতে সুন্দরগঞ্জে শিশু শাহাদাত হোসেন আহত হওয়ার প্রতিবাদে তাঁর নেতৃত্বে মিছিল-সমাবেশ কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় সাংসদ দলীয় মনোনয়ন দেওয়ার সময় তাঁর বিরোধিতা করেন। এমনকি সাংসদ উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমানকে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে দাঁড় করান। কিন্তু লুৎফর রহমান প্রার্থিতা প্রত্যাহার করার পর এখন পরোক্ষভাবে অন্য ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে সাংসদ কাজ করছেন। ফলে নৌকার ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কায় আছেন তিনি। আর ভোট ভাগাভাগি হলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে সাংসদ মন্জুরুল ইসলাম বলেন, ‘সাংসদ হিসেবে তো কারও পক্ষে কাজ করা যাবে না। তাই কোনো প্রার্থীর পক্ষে কাজ করছি না।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শেষ পর্যন্ত তিন বিদ্রোহী প্রার্থী থাকলে দলীয় প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। অথচ দল তাঁদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে দলীয় নেতা-কর্মীরা অস্বস্তি বোধ করছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল-আলম বলেন, সুন্দরগঞ্জে চারজন ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করাতে ১২ ডিসেম্বর বর্ধিত সভা হয়। তাঁদের একজন লুৎফর রহমান পরদিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অন্য তিনজন প্রার্থী দলীয় প্রার্থীর ভোটের কোনো ক্ষতি করতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। তাই ওই বিষয় নিয়ে তাঁরা ভাবছেন না বলে জানান।
অন্যদিকে, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় স্বস্তিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির দলীয় প্রার্থী আজাদুল করিম প্রামাণিক। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ভোট তিনি পাবেন। সেই সঙ্গে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় তাঁদের ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে। এতে তাঁদেরই লাভ হবে।