উ প জে লা নি র্বা চ ন ২ ০ ১ ৪ : ৯৭টির মধ্যে ৫৪টিতে একাধিক প্রার্থী
'বিদ্রোহীদের' বসাতে পারেনি বিএনপি
উপজেলা নির্বাচনের প্রথম দফায় বেশির ভাগ স্থানেই একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিএনপি। চেষ্টা করেও ‘বিদ্রোহী’ প্রার্থীদের বসাতে পারেনি দলটি।
প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলার ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৫৪টি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দুই থেকে সাতজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৪৩টিতে একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে। বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও এখন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, এ নির্বাচনে বেশির ভাগ উপজেলায় নির্বাচিত হয়ে বিএনপি দেখাতে চায় জনগণের ভোট তাদের দিকেই বেশি, ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে নয়। কিন্তু বেশির ভাগ উপজেলায় দলের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনে জয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতাদের ধারণা, একাধিক প্রার্থী থাকায় কিছু উপজেলায় তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা কমে গেছে। তাই প্রতিটি উপজেলায় চেয়ারম্যান পদে একজনকে রেখে দলের বাকি প্রার্থীরা যাতে সরে দাঁড়ান, সে জন্য বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনো চেষ্টা অব্যাহত রেখেছেন। এ ছাড়া কোনো কোনো এলাকায় দলের পক্ষ থেকে প্রার্থী সমর্থনের সিদ্ধান্ত বদল হতে পারে।
উপজেলা নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের বিষয়টি দেখভালের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। তাঁরা প্রতিটি উপজেলায় দল ও জোটের একক প্রার্থী চূড়ান্ত করেন। গুলশান কার্যালয় থেকে বিএনপির স্থানীয় নেতাদের মাধ্যমে দল-সমর্থিত প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হয়। কিন্তু প্রথম দফার নির্বাচনে বেশির ভাগ উপজেলায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে রয়ে গেছেন।
বিএনপির দপ্তর থেকে বলা হয়েছে, বেশির ভাগ উপজেলায় তাদের প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। অন্তর্কোন্দলের কারণে যেন জয় হাতছাড়া না হয়, সে জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একাধিক প্রার্থী আছেন এমন উপজেলার তালিকা তৈরির কাজ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানতে চাইলে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, একটি উপজেলায় দলের একাধিক নেতা প্রার্থী হলে স্বাভাবিকভাবেই জয়ের সম্ভাবনা কমে যায়। তাই স্থানীয়ভাবে নেতারা যেন এ সমস্যা সমাধান করতে পারেন, সে জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
বিএনপির সূত্র জানায়, প্রথম দফার নির্বাচনে সব উপজেলায় একক প্রার্থী দিতে না পারলেও দ্বিতীয় দফার ১১৭টি উপজেলায় একক প্রার্থী দিতে কাজ করছে বিএনপি। এসব উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।
জামায়াতকে ছাড় দিচ্ছে না স্থানীয় বিএনপি: এ নির্বাচনে বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র ও ১৯-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতারা ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে সমঝোতার মাধ্যমে জামায়াতকে ১৮টি উপজেলায় ছাড় দেয় বিএনপি। বাকি ১৫টি উপজেলায় জামায়াতের নেতারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
কিন্তু কেন্দ্র থেকে বিএনপি ১৮টি উপজেলায় ছাড় দিলেও স্থানীয় নেতারা ছাড় দেননি। এর মধ্যে ১৭টিতেই বিএনপির নেতারা ‘বিদ্রোহী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বের ৯৭ উপজেলার মধ্যে বগুড়ার ছয়টি উপজেলাও রয়েছে। এ ছয় উপজেলার মধ্যে তিনটি দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুরে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কিন্তু স্থানীয় বিএনপি সে সিদ্ধান্ত মানছে না। এ তিন উপজেলায় বিএনপির স্থানীয় নেতারা প্রার্থী হয়েছেন।
বগুড়া জেলা বিএনপির একজন নেতা বলেছেন, বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি। সেই ঘাঁটিতে কেন জামায়াতকে ছাড় দিতে হবে। এটা মানা সম্ভব নয়। এ জন্য কেন্দ্রের সিদ্ধান্ত না মেনেই দলের নেতারা প্রার্থী হয়েছেন।
বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, কেবল নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াতের একক প্রার্থী আছে। সেখানে বিএনপির কোনো প্রার্থী নেই।