‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ কবিতাটি লিখেছিলেন ৯০ বছর আগে। প্রকাশিত হওয়ার পরপরই বিপুল সাড়া জাগিয়েছিল কবিতাটি। কবি পড়েছিলেন ব্রিটিশ শাসকদের রোষানলে। সহ্য করতে হয়েছিল নিগ্রহ নির্যাতন।‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি ও আন্তর্জাতিক নজরুল সম্মেলন উপলক্ষে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত চারটি স্থানের ওপর চারটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক বিভাগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার ডাকটিকিটগুলো অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ডাকটিকিটের মূল্য ১০ টাকা।ডাকটিকিটে উৎকীর্ণ স্থানগুলো হচ্ছে—ত্রিশালের কাজীর সিমলা দারোগা বাড়ি, কুমিল্লার কান্দিরপাড়, বর্ধমান হাউস (বর্তমান বাংলা একাডেমী) ও ধানমন্ডির কবি ভবন (নজরুল জাদুঘর)। একই সঙ্গে কবির বিভিন্ন বয়সের ছবিও রয়েছে এসব ডাকটিকিটে।এ ছাড়া চারটি ডাকটিকিটের সমন্বয়ে একটি স্যুভেনির শিটও প্রকাশ করেছে ডাক বিভাগ। তাতে বিদ্রোহী কবিতার প্রথম ১২টি চরণ, জাতীয় কবির ইংরেজি ও বাংলায় স্বাক্ষর এবং কবির নিজ হাতের লেখা সন্নিবেশিত হয়েছে। এ ছাড়া জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী অনূদিত ইংরেজি ভাষায় বিদ্রোহী কবিতার ১২টি চরণও রয়েছে এই স্যুভেনিতে। এর দাম ১০০ টাকা। স্মারক ডাকটিকিট ও স্যুভেনির ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে বিক্রি করা হচ্ছে। তা ছাড়া দেশের সব জিপিও ও প্রধান ডাকঘরেও এগুলো পাওয়া যাচ্ছে।