'বিদ্রোহী' দমাতে মরিয়া আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের অবশিষ্ট চার উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিটি উপজেলাতেই চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রচারাভিযানে নেমে গেছেন। তবে ‘বিদ্রোহী’ প্রার্থীদের দমাতে মরিয়া জেলা আওয়ামী লীগ। দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করতে জেলা আওয়ামী লীগ উপজেলার সম্ভাব্য প্রার্থী এবং তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভাও করেছে।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য ছয়জন প্রার্থী প্রচারাভিযানে নেমেছেন। তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ওরফে ববি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দিলশাদ ইসলাম ওরফে মুকুল, মহানগর আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম ওরফে ডালিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন ও শহিদুল ইসলাম ওরফে লুলু এবং কৃষক লীগের নেতা জাহাঙ্গীর কবির।
ফিরোজ কবির চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করে আসছি। তাই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’ দিলশাদ ইসলাম বলেন, ‘গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট করেছি। এবারও করব বলে মাঠে নেমেছি।’
নাসিমা জামান বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে মানুষের সঙ্গে কাজ করছি। জনগণের বড় অংশের সঙ্গে যোগাযোগ থাকায় অনেক আগে থেকেই নির্বাচনের কাজ করছি।’ অন্যরাও অভিন্ন সুরে কথা বলেছেন।
কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রচারাভিযানে নেমেছেন। তাঁরা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ওরফে মায়া, উপজেলা কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সরদার আবদুল হাকিম ও সদস্য মোফাজ্জল হোসেন। তাঁরা কেউই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন।
গঙ্গাচড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ওরফে বাবলু এবং সদস্য প্রতাপ সিং নির্বাচনের মাঠে নেমেছেন। তাঁরা বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
পীরগাছায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম হক্কানী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মহাজোটের প্রার্থী হতে প্রচারাভিযানে নেমেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে রাজু প্রথম আলোকে বলেন, ‘দলের ওপর মহলের নির্দেশে একক প্রার্থী মনোনয়ন দিতে উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছি। তাঁদের মতামতের ভিত্তিতে দলের পক্ষ থেকে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি প্রার্থী হন, তাহলে পরবর্তী সময়ে দলীয় বৈঠকে তাঁদের বহিষ্কার করা হবে।’
রংপুরের আট উপজেলার মধ্যে চারটিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে একটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। বাকি তিন উপজেলায় চেয়ারম্যান পদে একটিতে বিএনপি, একটিতে জামায়াত ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।