পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে বড় দুই দল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দলীয় সাংসদ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দলটির সাবেক সাংসদ সমর্থন দেওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ উপজেলা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনকে এবং বিএনপি জেলা কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক হাসাদুল ইসলামকে সমর্থন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্র দাবি করেছে, কোন্দলে দুই দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেনের পক্ষে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ স্থানীয় নেতা-কর্মীরা। বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমকে সমর্থন দিয়েছেন পাবনা-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মকবুল হোসেন। সাংসদের সমর্থনে প্রশাসনিক ও দলের উচ্চপর্যায়ের নেতা-কর্মীদের সহায়তা পাচ্ছেন বিদ্রোহী প্রার্থী। অন্যদিকে তৃণমূলের সমর্থন থাকায় মাঠপর্যায়ে শক্ত অবস্থানে আছেন দলীয় প্রার্থী। এতে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘সাংসদ মকবুল হোসেন জেলা আওয়ামী লীগের দু-একজন স্বার্থান্বেষী নেতাকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা যেকোনো মূল্যে চাটমোহর থেকে আওয়ামী লীগকে হারাতে চান। তাই প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজের দলের নেতা-কর্মীদের আমার পক্ষে কাজ না করার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন। বিষয়টি আমরা দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েও ফল পাইনি।’ এ প্রসঙ্গে জানতে সাংসদ মকবুল হোসেন মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
বিদ্রোহী প্রার্থী মীর্জা রেজাউল করিম দাবি করেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী নই। আমাকেই দল সমর্থন দিয়েছে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম জানান, জেলা নেতাদের উপস্থিতিতে গোপন ব্যালটে তৃণমূলের ভোটে সাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন। তিনিই দলীয় সমর্থিত প্রার্থী।
এদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী বিপক্ষে অবস্থান নিয়েছেন পাবনা-৩ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম। তিনি বিদ্রোহী প্রার্থী আবদুর রহিমের পক্ষে কাজ করছেন। ফলে দলের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এতে ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় দলীয় প্রার্থী পরাজিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আনোয়ারুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বিএনপি-সমর্থিত প্রার্থী হাসাদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাজশাহীতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতারা বৈঠক করে আমাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।’ বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুর রহিম বলেন, ‘দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সমর্থনেই নির্বাচন করছি।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।