ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেই রয়েছেন ‘বিদ্রোহী’ প্রার্থী। এ নিয়ে দল দুটি আছে বেকায়দায়।
নির্বাচন ঘনিয়ে এলেও ‘বিদ্রোহী’ প্রার্থী ঠেকাতে না পারায় স্থানীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ দল দুটির নেতা-কর্মীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থিত দিদারুল কবির, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল হাই, আওয়ামী লীগের নেতা ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান ওরফে বদির, বিএনপি-সমর্থিত মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও রামনগর ইউপির চেয়ারম্যান আবুল হাসেম ওরফে বাহাদুর, জাতীয় পার্টি-সমর্থিত আবদুল ওয়াদুদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিজন ভৌমিক।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১৯ জন।
দলের ‘বিদ্রোহী’ প্রার্থী প্রসঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবির বলেন, ‘নির্বাচনের আগেই তাঁরা বসে যাবেন।’ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘গত পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে মানুষের জন্য কাজ করেছি। ভোটাররা অবশ্যই তা বিবেচনায় নেবেন।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হাই বলেন, ‘আমি এলাকাবাসীর সমর্থনে প্রার্থী হয়েছি। এলাকার উন্নয়নে সাধ্যমতো কাজ করেছি। আশা করি, ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন।’
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আকবর হোসেন বলেন, দলের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর পক্ষে রয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে তাঁরা কাউকে ভোট দেবেন না।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল হাসেম বলেন, ‘দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এলাকাবাসী এই নির্বাচনের মাধ্যমে আমার কাজের মূল্যায়ন করবেন।’
১৫ মার্চ দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।