'বিদ্রোহী' নেই, সুবিধায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত—দুই দলই আলাদাভাবে প্রার্থীদের সমর্থন দিয়েছে। তালা উপজেলায় ১৯ দল থেকে একক প্রার্থীকে সমর্থন দিলেও এখানে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। অপরদিকে একক প্রার্থী থাকায় এই তিন উপজেলাতেই সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। ৩১ মার্চ এই তিন উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, বিএনপি-সমর্থিত জেলা বিএনপির সহসভাপতি আবদুর রউফ, জামায়াত-সমর্থিত ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শেখ মনিরুজ্জামান।
জেলা সিপিবির সভাপতি হোসেন আলী বলেন, সদর উপজেলায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ও জামায়াত শক্তিশালী। তবে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জেলায় ব্যাপক সহিংসতা চালায় জামায়াত। জামায়াত-সমর্থিত প্রার্থী হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক রয়েছেন। তবে তাঁর পক্ষে প্রচারণা চললেও জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড এই জেলার মানুষ ভালোভাবে নেয়নি। বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রউফ রাষ্ট্রদ্রোহসহ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন। উপজেলায় তাঁর জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসাদুজ্জামানের পরিষ্কার ভাবমূর্তি রয়েছে। প্রচারণায় তিনি এরই মধ্যে সবার দৃষ্টি কেড়েছেন। স্বতন্ত্র প্রার্থী শেখ মনিরুজ্জামান প্রচারে নেই বললেই চলে। বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন আসাদুজ্জামান।
দেবহাটায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল গণি, বিএনপি-সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন সিদ্দিকী ও জামায়াত-সমর্থিত জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাহবুবুল আলম। ভোটাররা জানান, জামায়াত-সমর্থিত প্রার্থী জনসমক্ষে আসছেন না। অধিকাংশ ভোটার তাঁকে চেনেন না। বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রচারণাও চলছে দুর্বলভাবে। প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় এখানে আবদুল গণি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
তালায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। ১৯ দল-সমর্থিত জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শেখ মাহমুদুল হক এবং বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল।
ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন। বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর প্রচারণা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ। বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী থাকায় এখানেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
সাতক্ষীরার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন আলী জানান, কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, এখানে ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।
এর আগে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা পরিষদের নির্বাচন হয়। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জামায়াত-সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।