বর্ধিত সভা করেও রংপুরের চার উপজেলা পরিষদের দুটিতে ‘বিদ্রোহী’ প্রার্থী ঠেকাতে পারল না আওয়ামী লীগ। একটিতে দলটি আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি। সেখানে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে তিন উপজেলায় বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট থেকেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটির কোনোটিতেই বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন দেওয়া হয়নি।
এই চার উপজেলায় একক প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য বিশেষ বর্ধিত সভা করে রংপুর জেলা আওয়ামী লীগ। সভায় ওই চার উপজেলায় দলটি থেকে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। গঙ্গাচড়ায় দলের সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর সেখানে আনুষ্ঠানিকভাবে আর কাউকে সমর্থন দেওয়া হয়নি।
সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন দুজন। তাঁরা হলেন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন। ১৯-দলীয় জোটের বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ফারুক হোসেন ও জামায়াত থেকে প্রার্থী হয়েছেন দলটির উপজেলা আমির আবদুল গণি।
কাউনিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়াকে সমর্থন দেওয়া হয়। এখানে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফজ্জল হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপি থেকে হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হালিম এবং সদস্য মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন সামসুজ্জামান ভরসা।
গঙ্গাচড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে দল থেকে সমর্থন দেওয়া হলে ঋণখেলাপির কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। এরপর দল থেকে কাউকে সমর্থন দেওয়া হয়নি। এখানে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী কাজল এবং সদস্য প্রতাপ চন্দ্র রায়। বিএনপি থেকে উপজেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন ও জামায়াত থেকে দলটির উপজেলা আমির শফিকুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পীরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। এখানে দলটি থেকে ‘বিদ্রোহী’ প্রার্থী হননি কেউ। বিএনপি থেকে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আফসার আলী ও সাবেক সভাপতি রেজওয়ান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান।
আওয়ামী লীগ থেকে ‘বিদ্রোহী’ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দলের ওপর মহলের নির্দেশে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। এর পরেও ‘বিদ্রোহী’ প্রার্থী যাঁরা হয়েছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হবে।