পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিতে সক্ষম হলেও আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়ার বড় ছেলে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সাবের আহম্মেদ ভূঁইয়া ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ফলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দুটি ধারার সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ মেয়র পদের জন্য কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়ার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়। তৃণমূলের সিদ্ধান্ত ছিল মনির আহম্মেদ ভূঁইয়ার পক্ষে। কেন্দ্র থেকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
সরেজমিনে জানা গেছে, মনির আহম্মেদ ভূঁইয়াকে বাদ দিয়ে আবদুল বারেক মোল্লাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ায় মনির আহম্মেদ ভূঁইয়ার সমর্থকেরা তা মেনে নিতে পারছেন না। যার ফলে মনির আহম্মেদ ভূঁইয়ার সমর্থকেরা তাঁর বড় ছেলে সাবের আহম্মেদ ভূঁইয়াকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিএনপির প্রার্থী আবদুল আজিজ মুসুল্লি ও জাপার (এ) প্রার্থী মো. আনোয়ার হোসেন হাওলাদার কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কলাপাড়া ও কুয়াকাটার আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত শীর্ষ নেতারাও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহম্মেদ ভূঁইয়ার পক্ষে অন্তরালে থেকে কাজ করায় বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা।
সাবের আহম্মেদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা কুয়াকাটার বাসিন্দা নন। তিনি লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ওই ইউনিয়নের ভোটার তালিকা থেকে নিজের নাম বদলি করে কুয়াকাটা পৌরসভায় নিয়ে এসেছেন। সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এ কারণে প্রথম থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ। তিনি আরও বলেন, ‘তা ছাড়া তৃণমূল থেকে আমার বাবা মনির আহম্মেদ ভূঁইয়াকে সমর্থন দেওয়া হয়েছিল। উপজেলা ও জেলা কমিটি যৌথসভা করে তৃণমূলের সে সিদ্ধান্ত কেন্দ্রে প্রেরণ করেছিল। তৃণমূলের প্রস্তাব কেন্দ্র থেকে উপেক্ষিত হওয়ায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী ক্ষুব্ধ হয়েছেন। শেষ পর্যন্ত সেসব নেতা-কর্মী ও সাধারণ মানুষের চাপে পড়ে আমি প্রার্থী হতে বাধ্য হয়েছি।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমি ৩৬ বছর ধরে আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা সে বিবেচনায় আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের স্বার্থবিরোধী একটি শক্ত মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে এবং নৌকা মার্কার বিজয় ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবের আহম্মেদ ভূঁইয়াকে দাঁড় করিয়েছে। আমি জেলা-উপজেলা কমিটিকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য জানিয়েছি।’
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কুয়াকাটায় দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের আরও একজন প্রার্থী হয়েছেন। বিষয়টি আমাদের জানা আছে। এখনো যেহেতু সময় আছে, সে সময়ের মধ্যে এ বিষয়টি সমাধানের চেষ্টা অবশ্যই করব।’