ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ডে ‘বিদ্রোহী’ কাউন্সিলর পদপ্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী দুজন আর বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তিনজন। ফলে দল-সমর্থিত প্রার্থীরা পড়েছেন সমস্যায়। অন্য দলের প্রার্থীদের পাশাপাশি নিজ দলের ‘বিদ্রোহী’রাও তাঁদের প্রতিদ্বন্দ্বী।
আওয়ামী লীগের তিন প্রার্থীই নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন। তবে বিএনপির এক প্রার্থীর প্রচারণা থাকলেও অন্য তিনজনের প্রকাশ্যে প্রচারণা তেমন দেখা যায়নি।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রমনা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার সরদার। তাঁর নির্বাচনী প্রতীক কাঁটা চামচ। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা হলেন রমনা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান (প্রতীক ব্যাডমিন্টন র্যাকেট) ও রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল মুনীর চৌধুরী (প্রতীক ঘুড়ি)। রমনা থানার মগবাজার ও নিউ ইস্কাটন নিয়ে এই ওয়ার্ড গঠিত।
গত শনিবার এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পাশাপাশি ‘বিদ্রোহী’ প্রার্থীরাও পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন প্রার্থীই গণসংযোগ করেছেন।
মোক্তার সরদার বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী “বিদ্রোহী” প্রার্থীদের পক্ষে কাজ করছেন। আমার নারী কর্মীদের আজেবাজে কথা বলছেন।’ তিনি দাবি করেন, ‘বিদ্রোহী’ প্রার্থীদের একজনকে এক মন্ত্রী মদদ দিচ্ছেন।
অবশ্য ‘বিদ্রোহী’ প্রার্থী মোখলেসুর রহমানের দাবি, আওয়ামী লীগের সমর্থন তাঁরই পাওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘এলাকাবাসী এমনভাবে ধরল যে না দাঁড়িয়ে পারলাম না। সব সময় মানুষের পাশে ছিলাম। নির্বাচিত হলেও থাকব।’
আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ ফয়জুল মুনীর বলেন, ‘আমার ভোটার, জনগণ আমাকে দাঁড় করিয়েছে। দলে অবদান না থাকার পরও কেউ শুধু নেবেই, তা হবে না।’
দুবার সমর্থন বদল হওয়ায় এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আসলে কে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত এই ওয়ার্ডে বিএনপি সমর্থন দিয়েছে রমনা থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমির হোসেনকে। তবে সাবেক কাউন্সিলর শরমিলা ইমামও নিজেকে বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করছেন। তাঁর স্বামী প্রয়াত খালেদ ইমাম ছিলেন বিএনপির নেতা ও সাবেক ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
শরমিলা ইমামও এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। দলীয় সূত্রে জানা যায়, তিনি কয়েক বছর আগে বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেছিলেন। বিষয়টি জানাজানি হলে বিএনপি তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। শরমিলাকে সমর্থন দেওয়ার দুই দিন পর এই ওয়ার্ডে বিএনপি আবার সমর্থিত প্রার্থী বদল করে।
শেখ আমির হোসেন বলেন, ‘ওনাকে (শরমিলা ইমাম) প্রার্থী ঘোষণার দুই দিন পরই আমাকে আবার সমর্থন জানানো হয়। কিন্তু শরমিলা ইমাম এখনো নিজেকে বিএনপি-সমর্থিত প্রার্থী বলে মিথ্যা প্রচার করছেন। জনসংযোগের সময় একদিন সবার সামনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’
শরমিলা ইমাম শনিবারও নিজেকেই বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করেন। তিনি বলেন, ‘আমি মানি না। আমাকে ম্যাডাম (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) ও এমাজউদ্দীন স্যার (আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ) সমর্থন দিছেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন না।’
এই ওয়ার্ডে বিএনপির অন্য দুই ‘বিদ্রোহী’ প্রার্থী হেলাল উদ্দিন আহমেদ ও মোসফেকুল জামিল। হেলাল উদ্দিন উদ্দিনের দাবি, ‘আমি জিয়ার সৈনিক। শেখ আমির হোসেন তো জনপ্রিয় নন। এলাকায় তাঁর কোনো ব্যাকগ্রাউন্ড নাই।’