পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান দল-সমর্থিত এবং সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম তালুকদারের চাচাতো ভাই তসলিম তালুকদার ‘বিদ্রোহী’ প্রার্থী। উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই দুই পক্ষ আলাদা প্রার্থী দিয়েছে।
অপর দিকে আওয়ামী লীগ থেকে মুজিবুর রহমান এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী অনেকটা স্বস্তিতে আছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা বিএনপিতে কোন্দল শুরু হয়। ২০০৯ সালের ১০ নভেম্বর ৭১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারকে রাখা হয়নি।
এ অবস্থায় শহিদুল আলম তাঁর অনুসারীদের নিয়ে পৃথক কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেন। এতে বিভক্ত হয়ে পড়ে উপজেলা বিএনপি। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন শহিদুল আলম ও অপর পক্ষে ফারুক আহমেদ তালুকদার। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাঁদের বিরোধ চাঙা হয়ে উঠেছে। এই বিরোধের জের ধরে দুই পক্ষ আলাদা প্রার্থী দেওয়ায় ১৯-দলীয় জোটের শরিক জামায়াতের নেতা-কর্মীরাও অস্বস্তিতে আছেন। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৭ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তসলিম তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান বলেন, দলীয়ভাবে শহীদুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বলেন, তসলিম তালুকদার বিএনপি করে। তাঁর ব্যাপক জনসমর্থন রয়েছে।
শহীদুর রহমান বলেন, তসলিম তালুকদার প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষেই কাজ করছেন। বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, দলে তাঁর প্রাথমিক সদস্য পদই নেই। তাই বহিষ্কারের বিষয়টি লোক দেখানো। নিজেকে বিএনপির মূল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করে তিনি বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পকেট কমিটি করায় বিগত দিনের নির্বাচনগুলোতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে পারেননি। এ কারণে জনগণের সমর্থন নিয়ে এ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।