'বিদ্রোহী' প্রার্থী নিয়ে বিপাকে দুই দলই
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছে। দল দুটির নেতা-কর্মীরা ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন। ১৫ মার্চ এখানে ভোট গ্রহণ হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল খালেককে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়। এর পরও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আকরাম হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম। তবে দলের সিদ্ধান্ত অমান্য করায় জেলা আওয়ামী লীগ গত শনিবার রাতে আতাউল করিমকে দল থেকে বহিষ্কার করে।
জহিরুল বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে নিয়ে নির্বাচন থেকে সরে পড়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, দলে কোন্দল এবং একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁরা বেকায়দায় পড়েছেন। তবে আবদুল খালেক জানান, বিদ্রোহী প্রার্থীদের বসানোর জন্য এখনো প্রক্রিয়া চলছে। তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
বিএনপি সূত্রে জানা গেছে, সাবেক সাংসদ আবুল বাসার আকন্দকে বিএনপি-সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়। তবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মতিউর রহমানের স্ত্রী আখিনূর রহমান বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এতে দলের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। নেতা-কর্মীরা পড়েছেন বিপাকে।
আবুল বাসার আকন্দ জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।