ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউপির মধ্যে ছয়টিতে নির্বাচন হবে ৩১ মার্চ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা। বসে নেই ‘বিদ্রোহী’ প্রার্থীরাও। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁরাও। এতে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে বিএনপি।
এদিকে বিলুপ্ত ছিটমহলের এলাকা বিভাজন ও ছিটমহলবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় এই উপজেলার চার ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয় ইউপির মধ্যে তিনটিতে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় এই তিন ইউপিতে চার বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেংহারী বনগ্রাম, বোদা ও সাকোয়া ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ব্যক্তি ইমেজে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। স্থানীয় বিএনপির দলাদলির কারণে অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও গোপনে দলীয় প্রার্থীদের বিরোধিতা করছেন। প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে কাজ করছেন।
বেংহারী বনগ্রাম ইউনিয়নে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন। এখানে নাজমুল হক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ গরম রেখেছেন। নাজমুল বলেন, ‘মাঠের অবস্থা বিবেচনা না করেই দল মনোনয়ন দিয়েছে।’ লুৎফর বলেন, ‘গতবার অল্প ভোটের ব্যবধানে হেরেছি। আশা করছি এবার হারব না।’
বোদা সদর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন। এখানে বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মহব্বত দলীয় মনোনয়ন পাননি। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। তিনি বলেন, ‘দল মনোনয়ন দিতে ভুল করেছে। আশা করি মানুষ দলীয় প্রতীক নয়, প্রার্থী হিসেবে আমাকেই আবার নির্বাচিত করবে।’ সাকোয়া ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন বেনজির আল হাবিব। তিনি বিএনপির কোনো পদে নেই। এখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, গতবার তাঁকে কারচুপি করে মাত্র ৮৪ ভোটে হারানো হয়েছিল। এবার ভোটে কারচুপি না হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
উপজেলা বিএনপির সম্পাদক আকতার হোসেন বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কোনো নেতা-কর্মী কাজ করছেন—এমন অভিযোগ আমার জানা নেই।’