মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী শহর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় দলীয় কার্যালয়ে শহর বিএনপির এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সালাউদ্দিন খান অবশ্য দাবি করেন, তাঁকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, তা বিধিসম্মত হয়নি। শহর কমিটি তাঁকে বহিষ্কারের এখতিয়ার রাখে না। কেবল জেলা কমিটি তাঁকে সাময়িক বহিষ্কার করতে পারে। তবে সে সিদ্ধান্তও কেন্দ্রীয় কমিটিকে অনুমোদন করতে হবে।
এদিকে শহর বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ পৌর মেয়র এ কে এম ইরাদত বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সালাউদ্দিন খানকে বহিষ্কার করা হয়েছে। তবে সালাউদ্দিন খানের দাবি নাকচ করে দিয়ে সভাপতি বলেন, শহর কমিটি তাঁকে বহিষ্কার করতে পারে। আর এ বহিষ্কারাদেশে জেলা কমিটির অনুমোদন লাগে। জেলা কমিটি এরই মধ্যে অনুমোদন দিয়েছে।
সদর উপজেলা পরিষদে বিএনপি থেকে জেলা বিএনপির সহসভাপতি মোশারফ হোসেনকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হয়।