রংপুরের পীরগঞ্জ উপজেলায় ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন বলে স্থানীয় ভোটার ও দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ কে এম ছায়াদত হোসেন চার হাজার ৬৫ ভোটের ব্যবধানে বিএনপি-সমর্থিত প্রার্থী নূর মোহামঞ্চদ মণ্ডলের কাছে পরাজিত হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পান ১৩ হাজার ৯৫২।
সাধারণ ভোটার ও নেতা-কর্মীরা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ আসন থেকে শেখ হাসিনা নির্বাচিত হন। পরে তিনি তাঁর আসন ছেড়ে দিলে উপনির্বাচনে শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। এ ছাড়া প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় সবার নজর ছিল এ উপজেলা নির্বাচনের দিকে। উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পাওয়া ভোটই বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে আওয়ামী-সমর্থিত প্রার্থীর ব্যবধান গড়ে দিয়েছে।
গত সোমবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাশুরের ছেলে এ কে এম ছায়াদত হোসেনকে দলীয় সমর্থন দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগের সদস্য মেশকোয়ারা হাবিবও বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
নির্বাচনে ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী ও বিএনপির সাবেক সাংসদ নূর মোহামঞ্চদ মণ্ডল পান ৭৪ হাজার ৯৪২। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ছায়াদত হোসেন পান ৭০ হাজার ৮৮৭ ভোট।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বিদ্রোহী প্রার্থী না থাকলে ভোটের ফলাফল পাল্টে যেত।
১৯ ফেব্রুয়ারি প্রথম দফার উপজেলা নির্বাচনে পীরগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত থাকলেও উপনির্বাচনের কারণে তা পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।