'বিদ্রোহী' প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ সমর্থকের মামলা
বরগুনা সদরের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র শাহাদাত ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক এ বি এম জসিম ওই মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় শাহাদাত হোসেনের জামাতা আরিফ খান, ছেলে আল মামুন, চাচাতো ভাই মইনুল ইসলামসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। দ্রুত বিচার আদালতের বিচারক ও বরগুনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্বাস উদ্দীন মামলাটি আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে জসিম উল্লেখ করেন, তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক। মামলার আসামিরা তাঁর কাছে দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে তিনি (বাদী) শহরের ক্রোক এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গেলে আসামিরা তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
তবে শাহাদাত হোসেন গতকাল দুপুরে বলেন, ‘১৪ ডিসেম্বর শহরের ক্রোক এলাকায় আমার উঠান বৈঠকে যুবলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে আমার জামাতা, মেয়ে, স্ত্রীসহ অন্তত ৪০ জন সমর্থককে আহত করেন। শত শত লোক এর প্রত্যক্ষদর্শী। এত দিন পর ওই ঘটনাকে উল্টো আমাদের ওপর চাপিয়ে দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসান বলেন, ‘ওই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না।’