'বিদ্রোহী'দের নিয়ে বিপাকে আ.লীগ
সুনামগঞ্জের জামালগঞ্জ ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। অন্যদিকে, একক প্রার্থীকে সমর্থন দিয়ে অনেকটা স্বস্তিতে আছে বিএনপি।
জামালগঞ্জে ১৫ মার্চ ভোট গ্রহণ হবে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। তবে দলটির ‘বিদ্রোহী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুল আলম।
বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগি হবে। আর সে ক্ষেত্রে সুবিধায় থাকবেন বিএনপির প্রার্থী।
রেজাউল করিম বলেন, ‘এ উপজেলায় আওয়ামী লীগ শক্তিশালী। দলীয় প্রার্থী হিসেবে নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ তবে ইউসুফ আল আজাদও কম আশাবাদী নন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করছি। আশা করি, মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে এবারও আমাকে নির্বাচিত করবে।’ বিএনপির শামসুল আলম বলেন, ‘আমাদের দলে কোনো বিভেদ নেই। ১৯ দলের সব নেতা-কর্মী মাঠে আছেন। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
শাল্লায় ভোট গ্রহণ হবে ২৩ মার্চ। এই উপজেলায়ও আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা দুজনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত দল-সমর্থিত প্রার্থী হিসেবে আল-আমিন চৌধুরীর নাম ঘোষণা করেছেন। তবে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ দল-সমর্থিত প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনি মোহন দাসের নাম ঘোষণা করেন। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে আছেন উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার।
আল-আমিন চৌধুরী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা বৈঠক করে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার সঙ্গে সব নেতা-কর্মী কাজ করছেন।’ অবনি মোহন দাস বলেন, ‘দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আমাকে দলীয় প্রার্থী করা হয়েছে।’