'বিদ্রোহী'দের নিয়ে বিভ্রান্তিতে নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বগুড়ার শেরপুরে চেয়ারম্যান পদে পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এতে দলীয় প্রতীকের বিজয় নিয়ে দুই দলেই তৈরি হয়েছে শঙ্কা। এই ইউনিয়নগুলো হলো গাড়িদহ, খানপুর, খামারকান্দি, বিশালপুর ও শাহবন্দেগী।
দুই দলের উপজেলা কমিটির নেতাদের ভাষ্যমতে, উপজেলার খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম। বিশালপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুবোধ চন্দ্র সরকার। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের জাকির হোসেন খান ও এস এম রাফিউল ইসলাম।
অন্যদিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল খালেক প্রাং। তিনি গাড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি। তাঁর বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী ও ইউনিয়ন বিএনপির সদস্য দবির উদ্দিন। খামারকান্দি ইউনিয়নে দলীয় প্রার্থী ফজলুল হক সরকার। তিনি এই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন একই কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব। শাহবন্দেগী ইউনিয়নে দলীয় প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য আসাদুল ইসলাম।
খানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তির পাশাপাশি দলীয় সাধারণ সমর্থকদের মধ্যে হতাশা বেড়েছে। বিশালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সন্তোষ সরকার বলেন, দলের অনেকেই বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে আছেন। এতে দলীয় প্রার্থীর ভোটের ফলাফলে বিপর্যয় ঘটতে পারে।
গাড়িদহ ইউনিয়ন বিএনপির কর্মী আলতাফ হোসেন বলেন, বিদ্রোহী প্রার্থী থাকায় দলের অনেক নেতা-কর্মী এখনো প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় নামেননি।
অপরদিকে নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আসাদুল ইসলাম দাবি করেন, দলীয় প্রতীকের প্রার্থী বাছাই করা নিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত গুরুত্ব পায়নি। তৃণমূলের মতামতের ভিত্তিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পিয়ার হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।