'বিদ্রোহী'র দরজায় দুই ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আতাউর রহমান খানের বাড়িতে গিয়ে দুই ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কেউ দরজা খোলেননি। বাড়ির সবার মুঠোফোনের সংযোগও ছিল বন্ধ। পরে নেতারা সেখান থেকে ফিরে যান। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নেতাদের এই দলে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার জাহান, সাধারণ সম্পাদক ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়ায়েজ উদ্দিন বিশ্বাস।
দল থেকে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ী উপজেলা সদরের একটি বিদ্যালয় মাঠে বসে উপজেলা পরিষদের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতাদের অভিযোগ, সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য স্থানীয় সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূলের মতামত না নিয়েই তিনি প্রার্থী হিসেবে নিজের পছন্দের লোকের নাম ঘোষণা করেন। চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান খান এবং গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক ওই পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান।
দলটির সমর্থিত প্রার্থী আসাদুজ্জামানের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নে। দল থেকে তাঁকে সমর্থন দেওয়ার কারণে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতারা বর্তমান চেয়ারম্যান ও এবারের ‘বিদ্রোহী’ প্রার্থী আতাউর রহমানের পক্ষে কাজ করার জন্য একটি নির্বাচনী কমিটি গঠন করেন। অন্য ইউনিয়নের নেতারাও আতাউর রহমানের পক্ষে গোপনে বা প্রকাশ্যে মাঠে নেমেছেন।
এ অবস্থায় গত শুক্রবার উপজেলার মটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের এক সভায় দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে আহ্বায়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই বৈঠকে আতাউর রহমান খান ও তাঁর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম রেজাউর রহমানসহ আরও কয়েকজন নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এর পরও ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষের নেতারা তাঁদের অবস্থান থেকে সরে আসেননি। এ অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের নেতারা উপজেলার পলাশী গ্রামে আতাউর রহমানের বাড়িতে যান। কিন্তু কেউই ভেতর থেকে কোনো সাড়া দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার জাহান বলেন, তাঁরা গিয়েছিলেন। কিন্তু আতাউর রহমান বাড়িতে ছিলেন না। এ জন্য দেখা হয়নি।
আতাউর রহমান খান বলেন, ‘কেন্দ্রীয় নেতারা আমার বাড়িতে যাবেন। এটা আমার গর্বের বিষয়। আমাকে জানিয়ে গেলে আমি তাঁদের স্বাগত জানাতাম। কিন্তু তাঁরা আমাকে জানিয়ে যাননি। আমিও রাতে গণসংযোগ করে রাজশাহীতে চলে এসেছিলাম।’
তাঁর মুঠোফোনের ব্যাটারির চার্জ ছিল না দাবি করে তিনি বলেন ‘নেতারা আমার বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ গিয়ে আগে খুঁজেছে। এতে বাড়ির লোকজন ভয় পেয়েছে। তারা ভয়ে আর দরজা খোলেনি।’